কলকাতা: কালীঘাট তৃণমূলে আরও বড় ধাক্কা! জল্পনা সত্যি করে কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে ঋতব্রত শিবিরে নাম দেখালেন কামারহাটির বিধায়ক তথা মমতার দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র! গতকাল অর্থাৎ মঙ্গলবার মদন মিত্রের (Madan Mitra) স্ত্রী এবং দুই ছেলেকে হাজিরার নোটিস দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর গভীর রাতে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা (Swarnakamal Saha)-র বাড়িতে পৌঁছে যান মদন মিত্র (Madan Mitra)।
যে স্বর্ণকমল সাহা এবং তাঁর পুত্র তথা এন্টালির বর্তমান বিধায়ক সন্দীপন সাহা বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবিরের গুরুত্বপূর্ণ মুখ! মদনের এই ‘নৈশ সফর’ নিয়ে জল্পনার মাঝেই বড় চমক দিলেন মমতার ‘কালারফুল বয়’! বুধবার কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর ঋতব্রত শিবিরে যোগ দিলেন তিনি (Madan Mitra)। এদিন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও বৈঠকে দেখা গেল তাঁকে।
ভবানীপুরের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় পৌঁছে মদন মিত্র (Madan Mitra) জানান, মমতাপন্থী বা ‘কালীঘাট তৃণমূল’-এর সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। বিধানসভায় পৌঁছেই মদন মিত্র সোজা যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা-সহ উপস্থিত অন্যান্য বিধায়কদের সামনেই তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখ্য, বিদ্রোহীদের দাপটে যখন খান খান তৃণমূল, তখন সম্প্রতি মদন মিত্রকে বলতে শোনা যায়, মমতার সঙ্গ ছাড়ছি না, আমি বেইমান নই! সেই মদন মিত্রের (Madan Mitra) রাতারাতি এই ‘হৃদয় পরিবর্তন’ স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে বিরাট উলটপূরাণ, বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মূলত, মঙ্গলবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ইডির নোটিশ মদনের এই সিদ্ধান্তের মূল কারণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বলা বাহুল্য, অনুব্রতের পর মদনের মত আরও এক দক্ষ সৈনিক হারিয়ে আরও দুর্বল হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।


