Aaj India Desk, কলকাতা : ফের সংঘর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে। রবিবার কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (Satyajit Ray Film and Television Institute)-এ একটি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ক্যাম্পাসে অল ইন্ডিয়া কনজিউমার্স পঞ্চায়েতের একটি কর্মসূচি চলছিল। সেই সময় কয়েকজন SRFTI পড়ুয়া সেখানে ঢুকে পতাকা ছিঁড়ে দেন বলে অভিযোগ। এরপরই আয়োজকদের সঙ্গে পড়ুয়াদের বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও সংঘর্ষের আকার নেয়।
পুলিশের সামনেই সংঘর্ষের অভিযোগ
খবর পেয়ে DC অরিন্দম সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, পুলিশ উপস্থিত থাকার পরেও দু’পক্ষের মধ্যে একাধিকবার ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। কয়েকজন পড়ুয়ার দাবি, কর্মসূচির মঞ্চ থেকে উসকানিমূলক ও হিংসাত্মক বক্তব্য দেওয়া হচ্ছিল। সেই বক্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে তাঁদের অভিযোগ।
গেট অবরুদ্ধ, আটকে বাস
পরিস্থিতি আরও জটিল হয় ক্যাম্পাসের গেট অবরোধকে ঘিরে। SRFTI (Satyajit Ray Film and Television Institute) পড়ুয়ারা গেট আটকে রাখায় একটি বাসও আটকে পড়ে। পুলিশ বাসটি ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পড়ুয়ারা তাতে রাজি হননি। পড়ুয়াদের অভিযোগ, বাসটির ভিতরে RSS-এর কয়েকজন সমর্থক রয়েছেন। পাশাপাশি, ক্যাম্পাসের ভিতরেও কয়েকজন RSS সমর্থক আটকে রয়েছেন বলে খবর।
ক্যাম্পাসের বাইরে থেকে ইট ও জলের বোতল ছোড়ার অভিযোগও উঠেছে। সংঘর্ষে এখনও পর্যন্ত চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই অশান্তির মধ্যে কয়েকজন অধ্যাপকও হেনস্থার শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে SRFTI (Satyajit Ray Film and Television Institute) চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা সংঘর্ষে জড়িত ছিলেন, তা তদন্তের পর আরও স্পষ্ট হবে।


