Aaj lndia Desk, মুম্বাই: আর মাত্র ১৮ মাসেরও কম সময়। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় বসতে চলেছে পুরুষদের ODI বিশ্বকাপের আসর। কিন্তু মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন ফরম্যাট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শেষ মুহূর্তে ফরম্যাটে পরিবর্তন আনার অভিযোগ তুলে সরব হয়েছে ক্রিকেট স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (KNCB)। দুই বোর্ডেরই দাবি, এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক এবং অ্যাসোসিয়েট দেশগুলির জন্য অপমানজনক।
কী পরিবর্তন এনেছে ICC?
ICC সম্প্রতি ২০২৭ বিশ্বকাপের কাঠামোয় পরিবর্তন এনে ‘সুপার সিরিজ’ পর্ব যুক্ত করেছে। নতুন ব্যবস্থায় কোয়ালিফাই করা ১২তম, ১৩তম এবং ১৪তম দলকে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে হবে। সেই সিরিজ থেকে মাত্র একটি দল মূল বিশ্বকাপের ১২ দলের পর্বে জায়গা করে নিতে পারবে।
মূল টুর্নামেন্টে থাকা ১২টি দলকে আবার দুটি গ্রুপে ভাগ করার পরিকল্পনা রয়েছে। অ্যাসোসিয়েট দেশগুলির অভিযোগ, মাঝপথে এমন পরিবর্তন করলে উদীয়মান ক্রিকেট দলগুলির নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ অনেকটাই কমে যাবে।
ICC-র জবাবের অপেক্ষায় দুই বোর্ড
স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ বিবৃতি অনুযায়ী, ফরম্যাট পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য ও স্বচ্ছতার দাবিতে অ্যাসোসিয়েট সদস্যরা ICC-র সঙ্গে দু’দফা বৈঠক করেছে। কিন্তু দ্বিতীয় বৈঠকের পর ইতিমধ্যেই দু’সপ্তাহের বেশি সময় কেটে গেলেও ICC-র তরফে কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ।
দুই বোর্ডের বক্তব্য, বিশ্বকাপের মূল বাছাইপর্ব চলাকালীন নিয়ম বদলানো হলে বছরের পর বছর ধরে করা দলগুলির পরিশ্রমের মূল্য কমে যায়। তাঁদের মতে, এই সিদ্ধান্ত অ্যাসোসিয়েট ক্রিকেটের অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে। বিশ্বকাপ শুরু হতে ১৮ মাসেরও কম সময় থাকায় আকস্মিক পরিবর্তনের প্রভাবও যথেষ্ট গুরুতর হতে পারে।
অধিনায়কদের মধ্যেও অসন্তোষ
শুধু ক্রিকেট বোর্ড নয়, খেলোয়াড় ও অধিনায়কদের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (WCA) মাধ্যমে নামিবিয়া, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের অধিনায়করাও ফরম্যাট পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে, বিশ্বকাপ লিগ ২-এর মাধ্যমে আমেরিকা, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান ইতিমধ্যেই ODI বিশ্বকাপের কোয়ালিফায়ারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, নামিবিয়া, কানাডা, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহী খেলবে কোয়ালিফায়ার প্লে-অফে। ফলে শেষ মুহূর্তের এই পরিবর্তন অ্যাসোসিয়েট দলগুলির বিশ্বকাপের স্বপ্ন ও পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।


