Aaj lndia Desk,মুম্বই: ইনস্টাগ্রামে স্ক্রোল করতে করতেই সামনে চলে আসছে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত আপত্তিকর কন্টেন্ট, তাও আবার পেইড বিজ্ঞাপনের মাধ্যমে এমন অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক সংস্থা মেটাকে নোটিস পাঠিয়ে জানিয়ে দিয়েছে, শিশু যৌন নির্যাতন ও শোষণমূলক (CSEAM) সব ধরনের কন্টেন্ট এবং বিজ্ঞাপন অবিলম্বে সরাতে হবে। সরকার স্পষ্ট জানিয়েছে, এই ধরনের অপরাধমূলক কন্টেন্ট কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
সূত্রের খবর, শুধু কন্টেন্ট সরানোর নির্দেশই নয়, মেটার কাছে বিস্তারিত ব্যাখ্যাও চেয়েছে কেন্দ্র। আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে সংস্থাকে। জানতে চাওয়া হয়েছে, কীভাবে এত সংবেদনশীল ও বেআইনি বিজ্ঞাপন তাদের নজর এড়িয়ে ইনস্টাগ্রামে প্রকাশ পেল, বর্তমানে এই ধরনের কন্টেন্ট আটকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কী ধরনের প্রযুক্তি বা কঠোর ফিল্টার ব্যবহার করা হবে।
কেন্দ্রের দাবি, শিশুদের জন্য সোশ্যাল মিডিয়াকে নিরাপদ রাখা সব প্ল্যাটফর্মের দায়িত্ব। তাই ডিজিটাল মাধ্যমে শিশুদের উপর নির্যাতন বা শোষণকে কোনওভাবেই ব্যবসার হাতিয়ার হতে দেওয়া হবে না। এর আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, প্রতিটি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিজস্ব অ্যালগরিদম ও রিভিউ টিম থাকে, যারা বিজ্ঞাপন প্রকাশের আগে তা যাচাই করে। তাই মেটার মতো সংস্থার প্ল্যাটফর্মে কীভাবে এমন কন্টেন্ট বিজ্ঞাপন হিসেবে প্রকাশ পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
চলতি সপ্তাহে এটি দ্বিতীয়বার মেটাকে নোটিস পাঠাল কেন্দ্র। এর আগে হোয়াটসঅ্যাপে প্রস্তাবিত ‘ইউজারনেম’ ফিচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সরকারের আশঙ্কা ছিল, এই ফিচারের অপব্যবহারে পরিচয় জালিয়াতি ও প্রতারণার ঝুঁকি বাড়তে পারে। তাই সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত সেই ফিচার চালু না করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ইনস্টাগ্রাম থেকে আপত্তিকর কন্টেন্ট সরাতে মেটা কত দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে।


