Aaj India Desk, বাঁকুড়া: রাজ্যে সরকার বদলের পর বাঁকুড়ার (Bankura) একটি গ্রাম পঞ্চায়েতকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দ্বারিকা গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে শৌচালয়ের পাশে আধপোড়া অবস্থায় বিপুল পরিমাণ নথি পড়ে থাকতে দেখা যায়। সেই নথির মধ্যে আবাস প্রকল্পের (Awaas Yojana) কাগজপত্রের উল্লেখ থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
মঙ্গলবার দুপুরে স্থানীয় বিজেপি কর্মীরা বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করতে পঞ্চায়েতে গেলে তাঁদের নজরে আসে পোড়ানো নথির স্তূপ। পরে ছাইয়ের মধ্যে থেকে কিছু আধপোড়া কাগজ উদ্ধার করা হয়। সেগুলিতে আবাস প্রকল্প সংক্রান্ত তথ্য থাকায় বিজেপির অভিযোগ, অতীতে প্রকল্পে কোনও অনিয়ম বা দুর্নীতির প্রমাণ নষ্ট করতেই এই নথিগুলি পুড়িয়ে ফেলা হয়েছে।
বিজেপির স্থানীয় নেত্রী বৈশাখী বাগদীর দাবি, আবাস যোজনার নথি কেন পোড়ানো হল, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তাঁর মতে, দুর্নীতির তথ্য আড়াল করার উদ্দেশ্যেই এমন কাজ করা হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে তদন্তের দাবিও তুলেছে বিজেপি।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েত প্রধান কার্তিক লোহার জানান, কোনও গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট করা হয়নি। তাঁর দাবি, পুরনো ব্যানার, ফেস্টুন এবং কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র পরিষ্কার করার সময় সেগুলি পোড়ানো হয়েছে। সেই কাগজের মধ্যে আবাস প্রকল্পের পুরনো তালিকা থাকতে পারে। পঞ্চায়েত প্রধান আরও বলেন, বর্তমানে আবাস প্রকল্পের সমস্ত তথ্য অনলাইন ব্যবস্থায় সংরক্ষিত রয়েছে। ফলে কোনও তালিকা বা কাগজ নষ্ট হলেও তথ্য হারিয়ে যাওয়ার প্রশ্ন নেই। তাঁর কথায়, আবাস প্রকল্পে কোনও ধরনের দুর্নীতি হয়নি এবং প্রকল্পের উপভোক্তাদের তালিকা যে কেউ চাইলে দেখতে পারবেন।


