31.9 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

বারুইপুরে নির্যাতিতার বাড়িতে বিজেপি প্রতিনিধি দল, পাশে থাকার বার্তা পুরমন্ত্রীর

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে (Baruipur Case) নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে এখনও তীব্র চাঞ্চল্য রয়েছে রাজ্যজুড়ে। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) ইতিমধ্যেই দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার তাঁর বারুইপুরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তদন্তের অগ্রগতি নিয়েও জেলা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

এদিকে মঙ্গলবার সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যায় বিজেপির একটি প্রতিনিধি দল। দলে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং কেয়া ঘোষ।

ঘটনার পর থেকেই কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার তিনি বলেন, মূল অভিযুক্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানানো হবে। একইসঙ্গে আইন নিজের হাতে তুলে নিয়ে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের সঙ্গে দেখা করার পর অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী নিয়মিত ঘটনার খোঁজ নিচ্ছেন। তাঁর দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সরকার শুরু থেকেই পরিবারের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সবরকম সাহায্য করা হবে। প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও জানান, পরিবারের সঙ্গে কথা বলে তাঁরা আশ্বস্ত হয়েছেন। তাঁর বক্তব্য, বাংলায় যে-ই অপরাধ করুক, তার কঠোর শাস্তি হওয়া উচিত। সেই বার্তাই দিতে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিতেই তাঁরা সেখানে গিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। রবিবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সেদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

এই ঘটনার জেরে উত্তেজিত জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) পুরো ঘটনার তদন্ত করছে।

এদিকে মূল ধর্ষণ-খুনের মামলার পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু, পুলিশকর্মীদের উপর হামলা এবং রেল অবরোধের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন