Aaj India Desk, উত্তর২৪ পরগনা: জগদ্দল বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচার তুঙ্গে। রাজনৈতিক দলগুলির পারস্পরিক কটাক্ষের মাঝেই শুক্রবার দেখা গেল ভিন্ন ছবি। বিজেপি (BJP) প্রার্থী তথা প্রাক্তন আইপিএস রাজেশ কুমার (Rajesh Kumar) পৌঁছে গেলেন উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সম্পাদক বিপুল ঘোষাল (Bipul Ghoshal)-এর বাড়িতে। সেখানে প্রায় এক ঘণ্টা দরজা বন্ধ করে বৈঠক হয় দু’জনের মধ্যে। ঘটনাকে ঘিরে সঙ্গে সঙ্গেই শুরু হয় রাজনৈতিক মহলে জোর আলোচনা।
যদিও বৈঠক শেষে বাইরে এসে দুই নেতাই জানান, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ। ভোট বা রাজনৈতিক সমীকরণ নিয়ে কোনও কথাবার্তা হয়নি বলেই দাবি তাঁদের। রাজেশ কুমার বলেন, তিনি জগদ্দলের বিশিষ্ট ও সম্মানীয় মানুষদের সঙ্গে দেখা করছেন এবং তাঁদের আশীর্বাদ চাইছেন। বিপুল ঘোষাল দীর্ঘদিন জনজীবনের সঙ্গে যুক্ত থেকে মানুষের জন্য কাজ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ তাঁর কাছে বড় প্রাপ্তি বলেই মন্তব্য করেন বিজেপি প্রার্থী। কংগ্রেস নেতার সঙ্গে ভোটের বিষয়ে কোনও আলোচনা হয়েছে কি না, এই প্রশ্নে রাজেশ কুমার স্পষ্ট জানান, তিনি ভোট চাইতে সেখানে যাননি। রাজনৈতিক মতভেদ থাকলেও ভালো মানুষের সঙ্গে দেখা করা উচিত বলেও জানান তিনি।
অন্যদিকে বিপুল ঘোষালও জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আগে থেকেও তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। প্রবীণ রাজনৈতিক কর্মী হিসেবে বহু নেতার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক রয়েছে। তাই এই সাক্ষাৎকে তিনি স্বাভাবিক এবং সৌজন্যমূলক বলেই ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, রাজনীতিতে সৌজন্যবোধ অনেকটাই হারিয়ে গিয়েছিল, এখন তা ফিরে আসছে-এটা গণতন্ত্রের পক্ষে ইতিবাচক। রাজেশ কুমারকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান। বিজেপি প্রার্থীকে বহিরাগত বলা নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গেও মুখ খোলেন বিপুল ঘোষাল। তাঁর দাবি, জগদ্দলে প্রধান রাজনৈতিক দলগুলির প্রার্থীদের কেউই এই কেন্দ্রের ভোটার নন। ফলে শুধু একজনকে নিশানা করা ঠিক নয়।উল্লেখ্য, জগদ্দল কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে মন্দিরা চক্রবর্তীকে। তৃণমূলের হয়ে আবারও লড়ছেন বিদায়ী বিধায়ক সোমনাথ শ্যাম। আগামী ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।


