Aaj India Desk, কলকাতা: হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই বার্তাই বিমান বসুর কাছে পৌঁছে দিতে আলিমুদ্দিন স্ট্রিটে গেলেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে কুণাল ঘোষ লেখেন, দিল্লিতে হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন বিমান বসু। এরপর সন্ধ্যায় তাঁর সুস্থতা কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তা পাঠান। সেই বার্তা নিয়ে তিনি সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে যান।
কেমন আছেন বিমান বসু?
বিমান বসুর শারীরিক পরিস্থিতি নিয়েও আপডেট দিয়েছেন কুণাল। তিনি জানান , বর্তমানে বিমান বসু ভালো আছেন। তবে অস্ত্রোপচারের পর সংক্রমণের ঝুঁকি এড়াতে চিকিৎসকরা তাঁকে কয়েক দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন বর্ষীয়ান এই বাম নেতা।
এর আগে চিকিৎসার জন্য দিল্লির AIIMS-এ গিয়েছিলেন বিমান বসু। তাঁর শারীরিক সমস্যা নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে সিপিএমের তরফে জানানো হয়, বিমান বসুর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। একইসঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের বিশেষ কারণ নেই বলেও জানানো হয়েছিল।
আলিমুদ্দিনে কুণাল, উঠে এল সৌজন্যের বার্তা
শুধু মমতার শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়াই নয়, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএম নেতৃত্বের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন কুণাল ঘোষ। মহম্মদ সেলিম এবং সুখেন্দু পানিগ্রাহীর সঙ্গে তাঁর কথা হয়। বহুদিন পর ‘বাবুদা’-র সঙ্গেও দেখা হয়েছে বলে জানান তিনি।
কুণাল বলেন, একসময় পেশাগত কারণে যে অফিসে প্রায় প্রতিদিন যাতায়াত করতেন, দীর্ঘ সময় পর সেখানে ফের যাওয়ার সুযোগ হল। মমতার শুভেচ্ছাবার্তার জন্য সিপিএম নেতৃত্বও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান কুণাল। একইসঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের বাইরে এই ধরনের পারস্পরিক সৌজন্য বজায় রাখার বার্তাও দেন তিনি।


