Aaj India desk, কলকাতা: ইডির পর এবার জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। তৃণমূল ভেঙে গেলেও নেতাদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা বন্ধ হলো না। এবার নিশানায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভোটের আগে তাঁর নামে লেখা গানের লাইনে ছিল বোম বাঁধা কাজ ওর। এবার গানের কথাকে সত্যি করে শওকতের মৌখালির বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই বিশাল তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।
কোথায় কোথায় অভিযান?
আজ ভোরে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) আধিকারিকরা শওকত মোল্লার ক্যানিংয়ের মৌখালির বাড়িতে পৌঁছান। তখন মূল বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল। এরপর তদন্তকারীরা তাঁর বাড়ির ঠিক পাশেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং অনেকক্ষণ তল্লাশি চালান। শওকত মোল্লাকে এলাকাতে পাওয়া যায়নি। তাই তাঁর ছেলেকে আটক করে একাধিক জায়গায় নিয়ে যায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। শওকতের স্ত্রী ও কন্যাকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর জন্য মহিলা আধিকারিক ও পুলিশ আনা হয়েছে। গোটা এলাকা জুড়ে শওকতের খোঁজে তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA)।
হঠাৎ এই তল্লাশি কেন?
জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) সূত্রে খবর, গত ১৮ মার্চ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভাঙড়ের চালতাবেড়িয়ার একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয় এবং আরও ৩ জন গুরুতর জখম হন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ইতিপূর্বে এই মামলায় জড়িত থাকার অভিযোগে ওহিদুল মোল্লা নামের এক স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছিল এজেন্সি। তাঁকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই আজ শওকত মোল্লার বাড়িতে এই অভিযান বলে মনে করা হচ্ছে।


