Aaj India Desk, কলকাতা : যাঁকে ঘিরে ভোটার তালিকা সংশোধন নিয়ে দেশজুড়ে বিতর্ক, তাঁরই জন্য এবার উঠল দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানের দাবি। পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল NCPI-এর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভারতরত্ন’ দেওয়ার আর্জি জানানো হয়েছে। চিঠিতে বাংলায় শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনায় জ্ঞানেশ কুমারের ভূমিকার প্রশংসা করা হয়েছে।
NCPI সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত চিঠিতে দাবি করা হয়েছে, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ভোটপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ফিরেছে। রাজ্যে অতীতে ভোট-হিংসা, কারচুপি ও ভয় দেখানোর অভিযোগের প্রেক্ষাপট উল্লেখ করেই তাঁর ভূমিকার প্রশংসা করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। অর্থাৎ, যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখনই উল্টো সুরে জ্ঞানেশ কুমারের কাজের স্বীকৃতি চাইল NCPI।
উল্লেখ্য, জ্ঞানেশ কুমারকে ঘিরে এই প্রশংসাপত্রের সময়েই নির্বাচন কমিশনের Special Intensive Revision বা SIR নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি প্রকাশিত দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন। ফর্ম ৬-এ SIR-সংক্রান্ত নতুন ঘোষণা, ভোটার ডেটাবেসের নিয়ন্ত্রণ এবং ভোটার নাম সংযোজন-বিয়োজনের মতো বিষয়গুলো নিয়ে তাঁরা আপত্তি জানিয়েছিলেন। তবে নির্বাচন কমিশন ওই প্রতিবেদনের পর জানিয়েছে, কমিশনের ভিতরে মতপার্থক্য বা পর্যবেক্ষণ থাকা স্বাভাবিক। তাদের বক্তব্য, গত এক বছরে নেওয়া সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবেই গৃহীত হয়েছে।
জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের কার্যপ্রণালী এবং SIR নিয়ে একটি মামলার শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা। আবেদনটিতে CEC-এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং SIR-এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে বিষয়টি উঠবে। ফলে জ্ঞানেশ কুমার নেতৃত্বাধীন কমিশনের এমন কাজকর্ম নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক চলার মধ্যেই NCPI এর এমন দাবি ঘিরে উঠছে প্রশ্ন।


