29 C
Kolkata
Saturday, September 5, 2026
spot_img

NEET আন্দোলনে হামলার অভিযোগ, শেষমেশ গ্রেফতার ‘গোরক্ষক’ স্বতন্ত্র! আদালতের নির্দেশে জেল হেফাজত

Aaj India Desk, নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁসের (NEET Paper Leak) অভিযোগের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত (Jantar Mantar Protest) ছাত্র ও সংগঠনের সদস্যদের হুমকি এবং হামলার অভিযোগ উঠেছিল বিতর্কিত ইনফ্লুয়েন্সার তথা স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজের (Swatantra Bharadwaj) বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)।

শুক্রবার বিকেলে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে স্বতন্ত্রকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে দিল্লি পুলিশ তাঁর গ্রেফতারের কথা জানায়। এ দিনই তাঁকে দিল্লির পাটিয়ালা হাউস আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে এক দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্বতন্ত্রের বিরুদ্ধে উঠা অভিযোগকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি হওয়ার পর দিল্লি পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল। তদন্ত শুরু হতেই স্বতন্ত্র গা-ঢাকা দেন বলে অভিযোগ। পুলিশের কাছে খবর আসে, তিনি বাইকে করে উত্তরপ্রদেশের দিকে চলে গিয়েছেন। এরপর দিল্লি পুলিশের একটি বিশেষ দল বুলন্দশহরে পৌঁছে অভিযান চালায়। সেখান থেকেই তাঁকে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, স্বতন্ত্রের বিরুদ্ধে অভিযোগ, ‘ককরোচ জনতা পার্টি’(CJP)-র প্রতিবাদ কর্মসূচি চলাকালীন তিনি সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন। এর পাশাপাশি একটি সাম্প্রতিক পডকাস্টে তিনি দাবি করেন, আন্দোলনকারী ছাত্র নিশু আজাদের বাবা সঞ্জয় কুমারের ওপর তিনি হামলা করেছিলেন এবং তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল। ওই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, এত কিছুর পরেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি এবং তিনি দিল্লিতে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।

পডকাস্টে স্বতন্ত্র দিল্লি বিজেপির সহ-সভাপতি কপিল মিশ্রকে নিজের ‘বড়ভাই’ বলেও উল্লেখ করেন। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের সঙ্গে তাঁর ছবি এবং কয়েকটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

স্বতন্ত্রকে দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখান CJP-র কর্মী-সমর্থকেরা। তাঁদের আন্দোলনে সমর্থন জানান কংগ্রেসের যুব নেতারা, নির্দল সাংসদ পাপ্পু যাদব এবং আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ। শেষ পর্যন্ত বুলন্দশহর থেকে স্বতন্ত্রের গ্রেফতারির পর এই ঘটনায় পুলিশের তদন্ত আরও কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন