কলকাতা: তৃণমূলকে নিশানা করে রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সাক্ষাৎকার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রচনার অভিযোগের জবাবে এবার কড়া ভাষায় আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি দাবি করেন, সব জেনেশুনেই রাজনীতিতে এসেছিলেন রচনা। এখন দুর্নীতি বা দল তাঁকে ব্যবহার করেছে বলে অভিযোগ তোলার কোনও অর্থ নেই।
সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর জনপ্রিয়তা ও সেলিব্রিটি পরিচিতিকে ব্যবহার করেছে তৃণমূল নেতৃত্ব। একইসঙ্গে দলের মধ্যে দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “উনি কি বাচ্চা মেয়ে? যদি মনে হয়ে থাকে তাঁকে ব্যবহার করা হচ্ছে, তাহলে রাজনীতিতে এলেন কেন? ২০২৪ সালের আগে কি উনি জানতেন না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কেষ্ট গ্রেপ্তার হয়েছেন? সব জেনেশুনেই যদি নিজের মুখ ব্যবহার করতে দিয়ে থাকেন, তাহলে এখন অভিযোগের অর্থ কী?”
রচনার (Rachana Banerjee) ‘ফুটপাথ’ মন্তব্যেরও জবাব দেন কল্যাণ। তিনি আরামবাগের সাংসদ মিতালি বাগের উদাহরণ টেনে বলেন, “মিতালি বাগ একজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই যথেষ্ট, কারও মুখ ব্যবহার করার প্রয়োজন হয় না।”
এরপরই আরও একটি গুরুতর অভিযোগ করেন শ্রীরামপুরের সাংসদ। তাঁর দাবি, রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) একসময় তাঁর স্বামীর ঠিকাদারির কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন। কল্যাণের কথায়, “স্বামীর ঠিকাদারির জন্য বলতে এসেছিলেন। কাজ হয়নি বলেই এত রাগ।”
এখানেই শেষ নয়, আক্রমণের সুর আরও একধাপ চড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “ওনার হাতে কটা সিনেমা আছে? মা-কাকিমার রোল ছাড়া তো দেবে না কেউ।” একইসঙ্গে তিনি দাবি করেন, লোকসভায় রচনা যে প্রশ্নগুলি করেছেন, সেগুলিও তাঁর নিজের নয়। কল্যাণের কথায়, “এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন, সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া। ওনার যা শিক্ষাগত যোগ্যতা… এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি? উচ্চমাধ্যমিক পাশ তো!”
এখানেই থামেননি শ্রীরামপুরের সাংসদ। দলের বিরুদ্ধে সরব হওয়া নেতাদের একযোগে নিশানা করে তিনি (Kalyan Banerjee) বলেন, “তারকারাই দলটাকে শেষ করে দিল।” রচনার (Rachana Banerjee) মতো বিদ্রোহী নেতাদের উদ্দেশে কার্যত ‘বিশ্বাসঘাতক’ তকমাও দেন কল্যাণ। এবার কল্যাণের এই বিস্ফোরক মন্তব্যের জবাব দেবেন কি রচনা? উঠছে প্রশ্ন।


