কলকাতা: বার্ণপুরে এখনও মণ্ডপ দাঁড়ায়নি, কিন্তু ঢাকের বোলেই শুরু হয়ে গেল দুর্গাপুজোর (Durga Puja 2026) কাউন্টডাউন! খুঁটিপুজোর মঞ্চে নিজের হাতে ঢাক বাজিয়ে উৎসবের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আর মন্ত্রীর ঢাকের তালে তালে নেচে উঠলেন পুজো কমিটির মহিলা সদস্যরা! এক কথায়, বার্ণপুরে যেন আগাম পুজোর ট্রেলার!
থিম পুজো নিয়ে ‘বিশেষ’ বার্তা
তবে শুধু ঢাক আর নাচেই থামেননি মন্ত্রী। উৎসবের আবহেই দিলেন একাধিক ‘পুজো মন্ত্র’। তাঁর স্পষ্ট বার্তা, থিম হোক যতই অভিনব, মা দুর্গার চিরাচরিত রূপ যেন বিকৃত না হয়। মায়ের মুখ, সাজসজ্জা বা প্রতিমার মূল ভাবনা নিয়ে অযথা পরীক্ষা-নিরীক্ষা না করার আবেদন জানান তিনি (Agnimitra Paul)।
‘আমিষ-নিরামিষ’ বিতর্কে কি বললেন?
আর যে আমিষ-নিরামিষ বিতর্ক নিয়ে রাজ্যজুড়ে আলোচনা চলছে, তাতেও ঢাললেন এক বালতি জল। অগ্নিমিত্রার (Agnimitra Paul) কথায়, বাঙালির খাদ্যাভ্যাসে কোনও বাধানিষেধ নেই। তবে মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ খাবার যেন মণ্ডপের ভিতরে না আনা হয়। বাইরে কী খাচ্ছেন, তা ব্যক্তিগত বিষয়। কিন্তু মায়ের আঙিনায় শালীনতা ও পবিত্রতাই হোক প্রথম শর্ত। বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য নিয়েও মুখ খোলেন মন্ত্রী। তাঁর দাবি, সংগঠনের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়েছে।
পুজো কমিটিগুলো অনুদান পাবে?
পুজো কমিটিগুলির সরকারি অনুদান নিয়েও ছিল কৌতূহল। সেই প্রশ্নে অগ্নিমিত্রা (Agnimitra Paul) বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত বলেও স্পষ্ট করে দেন তিনি। অন্যদিকে, উদ্যোক্তারাও সরকারি যে কোনও সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানান।
সব মিলিয়ে বার্ণপুরের খুঁটিপুজোয় এদিন ছিল ঢাকের তালে উৎসব, নাচের ছন্দে আনন্দ আর বক্তব্যে একটাই বার্তা, থিমে নতুনত্ব থাকুক, কিন্তু মা দুর্গার রূপ আর মণ্ডপের পবিত্রতা যেন অটুট থাকে।


