Aaj India Desk, নয়াদিল্লি: চিনির দাম বৃদ্ধির পর এবার সাধারণ মানুষের রান্নাঘরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজ। গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজের দাম (Onion Price) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় ৬০ শতাংশ দাম বৃদ্ধির জেরে বাজারে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার (Central Government)।
পেঁয়াজ পৌঁছবে বিশেষ ট্রেনে
দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে নাসিক থেকে বিশেষ ট্রেনে করে পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘কান্দা এক্সপ্রেস’। নাসিককে দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদন কেন্দ্র হিসেবে ধরা হয়। সেখান থেকেই দেশের বিভিন্ন শহরে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে।
কনজিউমার অ্যাফেয়ার্স সেক্রেটারি নিধি খারে জানিয়েছেন, আগামী ২৬ অগস্টের মধ্যে চেন্নাই, মাদুরাই, দিল্লি, এর্নাকুলাম এবং গুয়াহাটিতে পেঁয়াজ পৌঁছে যাবে। পরবর্তীতে আরও শহরকে এই সরবরাহ ব্যবস্থার আওতায় আনা হবে।
কতটা বেড়েছে পেঁয়াজের দাম?
সরবরাহে সমস্যা তৈরি হওয়ায় সম্প্রতি পেঁয়াজের দাম দ্রুত বেড়েছে। গত বছর অগস্টের শেষদিকে খুচরো বাজারে পেঁয়াজের গড় দাম ছিল কেজি প্রতি ২৭ টাকা ৩৭ পয়সা। এ বছর সেই দাম বেড়ে হয়েছে ৪৩ টাকা ৫৩ পয়সা।
পাইকারি বাজারেও একই ছবি। গত বছর যেখানে গড় পাইকারি দাম ছিল কেজি প্রতি ২১ টাকা ২৩ পয়সা, এ বছর তা বেড়ে হয়েছে ৩৫ টাকা ৫৮ পয়সা—অর্থাৎ প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি।
শহরভেদেও দামের পার্থক্য রয়েছে। দিল্লিতে বর্তমানে কেজি প্রতি পেঁয়াজের দাম প্রায় ৫৫ টাকা। গত বছর একই সময়ে দাম ছিল ৩৫ টাকা। চেন্নাইয়ে গত বছরের ৩৩ টাকার জায়গায় এবার দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। কলকাতায় বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৫৩ টাকা কেজি দরে।
কেন্দ্রের দাবি, দ্রুত কমবে দাম
কেন্দ্র জানিয়েছে, গত বছর পাঁচটি শহরে ১৪টি রেল রেকের মাধ্যমে প্রায় ১২ হাজার টন পেঁয়াজ পাঠানো হয়েছিল। এবার সরবরাহ আরও বাড়ানো হয়েছে। ৮৬টি রেকে প্রায় ৮৮ হাজার টন পেঁয়াজ দেশের ১৬টি বড় শহরে পাঠানো হচ্ছে।
সরকারের দাবি, বাজারে দ্রুত নতুন পেঁয়াজ পৌঁছে গেলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। দেশে পর্যাপ্ত পেঁয়াজের বাফার স্টকও রয়েছে। ফলে আগামী কয়েক মাসে পেঁয়াজের জোগানে বড় কোনও ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। এ বছরও প্রায় ৩০৭.৩৭ লাখ টন পেঁয়াজ উৎপাদন হতে পারে বলে অনুমান কেন্দ্রের।
সরকারের বক্তব্য, বর্তমান মূল্যবৃদ্ধি সাময়িক। নতুন স্টক বাজারে পৌঁছতে শুরু করলেই পেঁয়াজের দাম ফের কমবে। সাধারণত অগস্ট-সেপ্টেম্বরে আবহাওয়ার পরিবর্তন, উৎসবের আগে বাড়তি চাহিদা এবং সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে পেঁয়াজের দামে কিছুটা ওঠানামা দেখা যায়।


