Aaj India Desk, কলকাতা: বিধায়কদের সই জালিয়াতি মামলায় একাধিকবার সিআইডি (CID)-এর তলব পেলেও এখনও তদন্তকারীদের সামনে হাজির হননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কখনও অসুস্থতার কারণ দেখানো হয়েছে, কখনও আবার দলের সাংগঠনিক কাজে দিল্লিতে থাকার কথা জানানো হয়েছে। এই আবহেই তাঁকে কটাক্ষ করে সরব হয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?
তৃণমূলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা বলেন, “তৃণমূলের আমলে বাংলার মানুষ নানা ধরনের চুরির অভিযোগ দেখেছেন। কিন্তু বিধায়কদের সই জাল করার মতো ঘটনা আগে দেখা যায়নি। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠিও প্রকাশ্যে এসেছে। সেই চিঠিতে শোভনদেববাবুকে বিরোধী দলনেতা করার প্রসঙ্গ রয়েছে। একজন সাংসদ হয়ে বিধায়কদের বিষয় নিয়ে তিনি কীভাবে এমন চিঠি পাঠান, সেটাই প্রশ্ন।”
এরপর সিআইডির তলব প্রসঙ্গে তিনি বলেন, “সিআইডি যখন ডেকেছে, তখন তাঁকে যেতেই হবে। কেউ যদি ভাবেন বারবার এড়িয়ে গিয়ে পার পেয়ে যাবেন, তা কিন্তু হবে না। সই জাল হয়ে থাকুক বা ওই চিঠি পাঠানোর বিষয়টি হোক, সবকিছুর ব্যাখ্যা তদন্তকারীদের কাছেই দিতে হবে।”
অভিষেককে খোঁচা দিয়ে অগ্নিমিত্রা আরও বলেন, “এত সাহসের কথা বলা হয়, এত বাঘের বাচ্চা বলা হয়, তাহলে তদন্তের মুখোমুখি হতে ভয় কোথায়? তাঁর শিষ্য পুষ্পার মতো তিনিও কি পালিয়েই বেড়াবেন? পুষ্পাকে যেমন ধরা হয়েছে নেপাল সীমান্ত থেকে, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলব, না এলে যে পার পেয়ে যাবেন, সেটা কিন্তু হবে না।”
সব মিলিয়ে রাজ্যের মন্ত্রীর বক্তব্য, সিআইডির প্রশ্নের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতেই হবে। তদন্ত এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেই দাবি তাঁর। এখন দেখার, কবে তদন্তকারীদের সামনে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


