Aaj lndia Desk,কলকাতা: কলকাতা পুরসভায় একের পর এক পদত্যাগের আবহের মধ্যেই বড় ধাক্কা বিধাননগর পুরনিগমে। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন বিধাননগর পুরনিগমের কমিশনারের কাছে। পাশাপাশি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছেও পদত্যাগপত্রের কপি পাঠানো হয়েছে।
পদত্যাগের পর কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, তিনি কিছুটা সময় নিজের জন্য দিতে চান। তবে মেয়রের পদ ছাড়লেও কাউন্সিলর হিসেবে মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেছেন তিনি।
অন্যদিকে, গত কয়েকদিন ধরেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে জল্পনা চলছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ফিরহাদ হাকিমকে অনুমতি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরে ফিরহাদ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি এখনও পদত্যাগ করেননি। পুরসভা সূত্রেও জানা গিয়েছে, চেয়ারপার্সনের কাছে এখনও পর্যন্ত তাঁর কোনও পদত্যাগপত্র জমা পড়েনি।
এরই মধ্যে তৃণমূলের হেভিওয়েট নেতা তারক সিং সম্প্রতি মেয়র পারিষদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। একাধিক বরো চেয়ারম্যান, কাউন্সিলর এবং জনপ্রতিনিধির পদত্যাগ করছেন। কেউ নেতৃত্বের পদত্যাগ দাবি করছেন, আবার কেউ নিজেরাই পদ ছাড়ছেন।


