Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : দুর্গাপুজোর চতুর্থীর দিন উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Sandeshkhali Road Accident)। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন আরও দু’জন। সন্দেশখালি এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
বুধবার সকালেই সন্দেশখালির (Sandeshkhali Road Accident) ন্যাজাটের চরবেড়িয়া-বয়ারমারী এলাকায় একটি টোটোকে ধাক্কা মারে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ি। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের পানা ভর্তি পুকুরে গিয়ে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই টোটোযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। দুর্ঘটনার পর আহত দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। অন্যদিকে গাড়ির ড্রাইভারও এখনও পর্যন্ত নিখোঁজ। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পুলিশ।
তবে স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর অনুপস্থিতিতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোযাত্রীদের ধাক্কা দেয়। প্রাথমিকভাবে গাড়ির ব্রেক ফেল করার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।(Sandeshkhali Road Accident)
পুজোর আনন্দের আবহে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উৎসবের দিনেই পথ দুর্ঘটনায় দু’জনের প্রাণহানি এবং আরও দু’জনের আহত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুজোর আনন্দের মাঝেই এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল, রাস্তায় সামান্য অসতর্কতা কিংবা যান্ত্রিক ত্রুটিও কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এখন দুর্ঘটনার সঠিক কারণ সামনে আসার এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।


