Aaj India Desk, কলকাতা: রাজ্য জুড়ে তীব্র গরমে নাজেহাল মানুষ। ৩৬° সেলসিয়াস গরমে অনুভূত হচ্ছে ৩৯° সেলসিয়াস তাপমাত্রা। এই ভ্যাপসা গরমের হাত থেকে বাঁচতে বৃষ্টির অপেক্ষায় রয়েছেন অনেকেই। তাদের আশা পূরণ করে শেষ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিহারে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরে বাংলায় জলীয় বাষ্পের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তার ফলেই আগামী চার থেকে পাঁচ দিনে বাংলার আবহাওয়ায় কিছু পরিবর্তন দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। (weather Update)
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা আর নেই। যদিও দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে। (weather Update)
দক্ষিণবঙ্গে বাড়বে কালবৈশাখীর দাপট
দক্ষিণবঙ্গেও সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যে ঝড়-বৃষ্টি বেশি হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তি বজায় থাকবে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।(weather Update)
টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা
বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার টানা তিন দিন বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই।
বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে ঝড়-বৃষ্টি বেশি হতে পারে। বৃহস্পতিবার বর্ধমানের পাশাপাশি বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বুধবার থেকে শনিবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে গত কয়েক দিনের গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।


