Aaj lndia Desk, কলকাতা: ভারতীয় ফুটবলের মঞ্চে ফের শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)-র নতুন মরশুম। ২০২৬-২৭ মরশুমের জন্য ইতিমধ্যেই দিনক্ষণ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ১০ অক্টোবর থেকে বল গড়াবে ISL-এর। টুর্নামেন্টের পর্দা নামবে ২০২৭ সালের মে মাসে। অর্থাৎ বেশ কয়েক মাস ধরে চলবে ক্লাব ফুটবলের এই হাইভোল্টেজ প্রতিযোগিতা।
এবার দায়িত্বে ফেডারেশন ও ক্লাবের যৌথ জোট
ISL আয়োজনের ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে নতুন সমীকরণ। এতদিন প্রতিযোগিতার পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল FSDL। গত মরশুমে সেই সংস্থা সরে দাঁড়ানোর পর ফেডারেশনের উদ্যোগেই কোনওরকমে লিগ পরিচালিত হয়েছিল। তবে এবার সেই পরিস্থিতি নেই। AIFF এবং অংশগ্রহণকারী ক্লাবগুলি একসঙ্গে প্রতিযোগিতা আয়োজন করবে।
ফেডারেশনের বক্তব্য, এই যৌথ ব্যবস্থার মূল লক্ষ্য শুধু লিগ আয়োজন নয়। ভারতীয় ফুটবলের পরিকাঠামো ও ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশীয় ফুটবলারদের উঠে আসার সুযোগ তৈরি করাও তাঁদের অন্যতম উদ্দেশ্য।
১৬৩ ম্যাচের লড়াই, শিল্ডের পর ট্রফির যুদ্ধ
নতুন মরশুমে ম্যাচের সংখ্যাও কম নয়। সব মিলিয়ে ১৬৩টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে মিলিয়ে দুই লেগে পরস্পরের বিরুদ্ধে খেলবে। লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা দলকে দেওয়া হবে লিগ শিল্ড। এরপর শীর্ষ ছয় দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে ট্রফির লড়াইয়ে।
এবারের সম্ভাব্য দলগুলির তালিকায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, স্পোর্টিং দিল্লি, এফসি গোয়া, পাঞ্জাব এফসি এবং চার্চিল ব্রাদার্স।
তবে চার্চিল ব্রাদার্সের বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসতে পারে।
প্রাথমিকভাবে ১৪টি দলকে নিয়ে প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আর্থিক কারণে ডায়মন্ড হারবার এফসি প্রয়োজনীয় অর্থ জমা দিতে পারেনি। ফলে ISL-এ তাদের জায়গা হচ্ছে না। সব মিলিয়ে নতুন ব্যবস্থাপনায় ISL ২০২৬-২৭ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।


