কলকাতা: নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি সত্যি করে রাজ্যে বিনিয়োগ এনেছে বিজেপি সরকার। শনিবার ডানকুনিতে লাক্স কোজির (Lux Cozi factory) কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠান বাংলাকে নতুন করে শিল্পের স্বপ্ন দেখাল। পোশাক প্রস্তুতকারী সংস্থা লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ ডানকুনিতে তাদের উৎপাদন পরিকাঠামো সম্প্রসারণের জন্য প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির (Lux Cozi factory) কারখানার সম্প্রসারণের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হল। গোমাতার সেবা করে অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে এবং সেই কারণেই বড় সংস্থাগুলি বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। তাঁর (Suvendu Adhikari) দাবি, নতুন শিল্প প্রকল্পগুলি রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে, লাক্স কোজি (Lux Cozi factory) কর্তৃপক্ষ জানিয়েছে, ডানকুনির এই সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে উৎপাদন পরিকাঠামো আরও আধুনিক করা হবে এবং ভবিষ্যতের বাজারের চাহিদা মেটাতে সক্ষমতা বাড়ানো হবে।
এই সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যদিও সংস্থার পক্ষ থেকে ঠিক কত সংখ্যক নতুন কর্মসংস্থান তৈরি হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। রাজ্যে নতুন শিল্প বিনিয়োগের এই ঘোষণা শিল্পমহলের নজর কেড়েছে। এখন প্রকল্পের কাজ কত দ্রুত এগোয় এবং নির্ধারিত সময়ে উৎপাদন শুরু হয় কি না, সেদিকেই নজর থাকবে।


