কলকাতা: রাজ্যে পালাবদলের পর বহুচর্চিত আর জি কর মামলার ফাইল নতুন করে খোলার পর থেকেই আলোচনায় উঠে এসেছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নাম (Nirmal Ghosh)। মামলার নতুন তদন্তে তাঁর ভূমিকা নিয়ে তদন্তকারী সংস্থার নজর রয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। সেই আবহেই দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়ায় ‘গা-ঢাকা’ দিয়েছেন বলেই জল্পনা তৈরি হয়েছিল। তবে শনিবার সেই জল্পনায় ইতি টেনে প্রকাশ্যে দেখা গেল নির্মল ঘোষকে (Nirmal Ghosh)।
শনিবার ‘আসল’ তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Banerjee) বৈঠকে হাজির হন পানিহাটির প্রাক্তন বিধায়ক। তাঁর উপস্থিতি ঘিরে সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে শুরু হয় নতুন জল্পনা। অনেকেরই প্রশ্ন ছিল, তবে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে যোগ দিতে চলেছেন নির্মল ঘোষ? যদিও সেই জল্পনায় জল ঢালার চেষ্টা করেন নির্মল ঘোষ নিজেই। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “শুধু দেখা করতে এসেছি।” ঋতব্রতদের (Ritabrata Banerjee) শিবিরে যোগদান বা ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আর কোনও মন্তব্য করেননি তিনি।
প্রসঙ্গত, আর জি কর মামলার নতুন তদন্তের পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে নির্মল ঘোষ (Nirmal Ghosh) ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের নামও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। সেই কারণেই তাঁরা দীর্ঘদিন জনসমক্ষে ছিলেন না বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। যদিও এই বিষয়ে তাঁদের পক্ষ থেকে প্রকাশ্যে কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে নির্মল ঘোষের (Nirmal Ghosh) উপস্থিতি নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে। তিনি শুধুই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। এই ‘শুধু দেখা করা’ কি অদূর ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমীকরণে পরিণত হবে? এখন সেটাই দেখার।


