Aaj India Desk, কলকাতা : নতুন বছরের শুরুতেই রাজনীতির সুর তীব্র হয়ে উঠল। পয়লা বৈশাখে বাংলার মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বার্তায় উঠে এল পরিবর্তনের ডাক। একটি খোলা চিঠির মাধ্যমে গত দেড় দশকে পশ্চিমবঙ্গ ‘অব্যবস্থাপনা ও দুর্নীতির শিকার’ বলে অভিযোগ করে তৃনমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি।
শুভেচ্ছার আড়ালে রাজনৈতিক বার্তা
‘জয় মা কালী’ দিয়ে বার্তা শুরু করে প্রধানমন্ত্রী নতুন বছরের শুভেচ্ছা জানান। তবে শুভেচ্ছার পরই তিনি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “বাংলার মা-বোনদের নিরাপত্তা এবং যুবকদের কর্মসংস্থান আজ সংকটে। বর্তমান সরকারের তৈরি ভয়ের পরিবেশ সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে।”
নির্বাচনই এবার ‘সুবর্ণ সুযোগ’ ?
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে শুধু একটি ভোট নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর মতে, এই নির্বাচন বাংলার উন্নয়নের পথ নির্ধারণ করতে পারে।
চিঠিতে বিজেপি ক্ষমতায় এলে সম্ভাব্য পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন তিনি। যুবকদের কাজের খোঁজে রাজ্যের বাইরে যেতে হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি বঙ্গে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রত্যেক দরিদ্রের মাথার ওপর ছাদ ও খাদ্যের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
সাংস্কৃতিক আবহের সঙ্গে রাজনৈতিক বার্তা
ভোটের আগে পয়লা বৈশাখের মতো সাংস্কৃতিক ও আবেগঘন মুহূর্তকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা আসলে বৃহত্তর রাজনৈতিক কৌশলেরই অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। উৎসবের সময় মানুষ বেশি সংবেদনশীল ও গ্রহণযোগ্য অবস্থায় থাকেন, সেই সময়ে উন্নয়ন, নিরাপত্তা ও পরিবর্তনের মতো ইস্যু তুলে ধরে সরাসরি জনমানসে প্রভাব ফেলাই লক্ষ্য হতে পারে। পাশাপাশি, সাংস্কৃতিক আবহের সঙ্গে রাজনৈতিক বার্তাকে মিলিয়ে দিলে তা দ্রুত ছড়ায় এবং বেশি আলোচনা তৈরি করে যা নির্বাচনের আগে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
সব মিলিয়ে, পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যে রাজনৈতিক বার্তা তুলে ধরেছেন, তা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উন্নয়ন, নিরাপত্তা ও পরিবর্তনের প্রতিশ্রুতি কতটা ভোটে প্রভাব ফেলবে, তা নির্ভর করবে আগামী দিনে ভোটারদের প্রতিক্রিয়া এবং মাঠের রাজনৈতিক সমীকরণের উপর।


