Aaj India Desk, কলকাতা : রাজনৈতিক সংঘাতের আবহে ফের চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। খুনের পিছনে কারা? কে দিয়েছিল হত্যার সুপারি? আর কার নির্দেশে ঝরেছিল রক্ত? এই সমস্ত প্রশ্নের মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাঁর অভিযোগ, হতাশা থেকেই চন্দ্রনাথ রথকে খুন করানো হয়েছিল। এমনকী, তদন্তের আঁচ অভিষেকের কাছেও পৌঁছবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অর্জুন সিংয়ের (Arjun Singh) দাবি, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই অগ্রগতি হয়েছে। তাঁর কথায়, এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তদন্ত এগোচ্ছে এবং শেষ পর্যন্ত তাঁকে জেলে যেতে হতে পারে। যদিও মন্ত্রীর এই অভিযোগের স্বপক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ তুলে ধরা হয়নি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মাত্র দু’দিন পর, গত ৬ মে গুলিতে খুন হন শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই হত্যাকাণ্ডের পিছনে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, চন্দ্রনাথকে সরিয়ে দেওয়ার জন্য প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়েছিল। এমনকী, ডায়মন্ড হারবার থেকে শুটারদের কাছে টাকা পৌঁছনোর অভিযোগও তুলেছিলেন তিনি। অন্যদিকে, এই ঘটনায় আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। এমনকি চন্দ্রনাথের মৃত্যুর পর তাঁর মা হাসিরানি রথও অভিযোগ করেছিলেন যে, এক সভায় অভিষেক নির্বাচন-পূর্বে শুভেন্দুর “রথকে উল্টো করে বাড়ি পাঠানোর” কথা বলেছিলেন। এবার অর্জুন সিংয়ের (Arjun Singh) মন্তব্যে সেই রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল।
সব মিলিয়ে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে শাসক-বিরোধী শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, অন্যদিকে মাস্টারমাইন্ডের পরিচয় নিয়ে জল্পনা। তবে রাজনৈতিক দাবি ও পাল্টা দাবির বাইরে তদন্তে শেষ পর্যন্ত কার নাম উঠে আসে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।


