Aaj lndia Desk,কলকাতা: টলিপাড়ার শুটিং ব্যবস্থায় দীর্ঘদিন ধরে টেকনিশিয়ানদের ফেডারেশন (Federation) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এত দিন এই সংগঠনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর কার্যকালের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। ২১টি গিল্ড নিয়ে গঠিত এই ফেডারেশনে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন দরকার। কিন্তু রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠেছে।
তৃণমূল কংগ্রেসের শাসনামলে বিজেপি-ঘনিষ্ঠ বা কিছু নির্দিষ্ট পরিচালক একসময় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলেছে, এবং একের পর এক টেকনিশিয়ানও তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন।
মেকআপ শিল্পী সিমরন পাল অভিযোগ করেছেন, স্বরূপ বিশ্বাস তাঁকে খুনের হুমকি দিয়েছেন। অন্যদিকে পরিচালক সুব্রত সেন প্রশ্ন তুলেছেন, ফেডারেশনের তহবিলে থাকা প্রায় ৭৫ লক্ষ টাকা অডিট রিপোর্টে কেন নেই। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই টলিপাড়ার টেকনিশিয়ানদের ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ একের পর এক সামনে আসছে। কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে সংগঠনের আর্থিক স্বচ্ছতা নিয়েও সরব হয়েছেন। সম্প্রতি বিধায়ক পাপিয়া অধিকারী এবং রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে হওয়া বৈঠকেও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে।
মেকআপ গিল্ডের তরফে ওয়েলফেয়ার এর নামে নেওয়া অর্থ ফেরত দেওয়ার বিজ্ঞপ্তি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। টেকনিশিয়ানদের একাংশের অভিযোগ, বিভিন্ন সময় তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা হতো। এখন হঠাৎ সেই টাকা ফেরত দেওয়ার ঘোষণা আসায় প্রশ্ন উঠছে এর পেছনে কি রাজনৈতিক পালাবদলের প্রভাব রয়েছে?
মেকআপ শিল্পী সুভাষ বিশ্বাসের দাবি, আগে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি, এখন পরিস্থিতি বদলাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে ভেন্ডার্স গিল্ডের সদস্যদের অভিযোগ, একসময় নানা শর্তে তাঁদের কাজের সুযোগ সীমিত করা হয়েছিল।
সব মিলিয়ে ফেডারেশন ও গিল্ডের আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাচ্ছে বলেই অনেকে মনে করছেন, আর সেই পরিবর্তনেই আশার আলো দেখছেন অনেক টেকনিশিয়ান।


