Aaj India Desk, শিলিগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী (Cheif Minister) হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার শিলিগুড়ির (Siliguri) উত্তরকন্যায় উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রশাসনিক কাজকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শিলিগুড়ি ও তার আশপাশের এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। রাস্তার ধারে লাগানো হচ্ছে ব্যানার-পোস্টার, সাজানো হচ্ছে উত্তরকন্যা চত্বরও।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার উন্নয়নমূলক কাজ এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকবেন জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা। নির্বাচনের পর এই প্রথম উত্তরবঙ্গের প্রকল্পগুলির অগ্রগতি সরাসরি খতিয়ে দেখবেন তিনি। এই বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামানিক (Nisith Pramanik)-ও উপস্থিত থাকবেন বলে প্রশাসন সূত্রে খবর।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে কলকাতা থেকে বিমানে ১০টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ শিলিগুড়ির পার্টি অফিসে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে সড়কপথে উত্তরকন্যায় যাবেন তিনি। সফরসূচিতে একটি উড়ালপুল উদ্বোধন এবং একটি মন্দির দর্শনের কর্মসূচিও রয়েছে। বৈঠক শেষ করে দক্ষিণবঙ্গে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ২১ মে দুর্গাপুরেও একটি প্রশাসনিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ভিভিআইপি কনভয়ের যাতায়াত নির্বিঘ্ন রাখতে একাধিক রাস্তায় ব্যারিকেড দেওয়া হচ্ছে। বাগডোগরা থেকে উত্তরকন্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকাগুলিকে চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
পুলিশের অনুমান, মুখ্যমন্ত্রীকে একবার দেখতে রাস্তায় সাধারণ মানুষের ভিড় হতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবেই রাস্তার দু’ধারে বাঁশের ব্যারিকেড বসানো হয়েছে। ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দীন আহমেদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকল মেনেই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলেও।বাড়ছে। বিজেপির পক্ষ থেকে একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় কর্মীদের মধ্যে উৎসাহও চোখে পড়ার মতো। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করা হচ্ছে। প্রয়োজনে তিনি দলীয় কার্যালয়েও যেতে পারেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
তবে আবহাওয়া ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফরসূচি বা রুটে কিছু পরিবর্তন হতে পারে বলেও প্রশাসনিক মহলের একাংশের ধারণা। আপাতত মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শিলিগুড়িকে।


