Aaj India Desk, কলকাতা: আরজিকর (RGKar)-এ তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনা সংক্রান্ত মামলায় নাম জড়ানোর পর এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় (Sanjib Mukherjee)। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা করার অনুমতি চান। আদালত সেই অনুমতি দিয়েছে।
সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর মক্কেলকে এই মামলায় জড়ানো হয়েছে। আদালতে আরও অভিযোগ করা হয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রতিহিংসার কারণে সঞ্জীবের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই পরিস্থিতিতে আদালতের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মৃত চিকিৎসকের পরিবার শিয়ালদহ আদালতে নতুন করে অভিযোগ দায়ের করে। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ঘনিষ্ঠ এই সঞ্জীব মুখোপাধ্যায় এবং পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। পরিবারের বক্তব্য, ঘটনার দিন তাঁদের কিছু না জানিয়েই হাসপাতাল থেকে দ্রুত দেহ সরিয়ে নিয়ে গিয়ে দাহ করা হয়েছিল। তাঁদের দাবি, এর পিছনে প্রমাণ নষ্ট করার পরিকল্পনা থাকতে পারে। পরিবারের তরফে শিয়ালদহ আদালতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিও জানানো হয়। সেই অভিযোগের পরেই সম্ভাব্য আইনি জটিলতা এবং গ্রেফতার এড়াতে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন সঞ্জীব মুখোপাধ্যায়।


