Aaj India Desk, কলকাতা: বিধাননগরে তৃণমূলের (TMC) একটি পার্টি অফিস থেকে বিপুল সংখ্যক আধার কার্ড (Aadhar card) উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পার্টি অফিস (Party Office) থেকে প্রায় ৫০টিরও বেশি আধার কার্ড পাওয়া গেছে। সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র একটি রাজনৈতিক দলের কার্যালয়ে কীভাবে এল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। বহু স্থানীয় বাসিন্দা সেখানে জড়ো হন এবং নানা অভিযোগ সামনে আনতে শুরু করেন। কারও দাবি, ভোটের সময় তাঁদের স্বাধীনভাবে ভোট দিতে বাধা দেওয়া হত। আবার কেউ অভিযোগ করেছেন, এলাকায় সরকারি কাগজ বা চিঠি পৌঁছে দেওয়ার সময় পিওনের কাছ থেকেই আধার কার্ড সংগ্রহ করে রাখা হত।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, সাধারণ মানুষের ব্যক্তিগত নথি কোনও রাজনৈতিক দলের অফিসে থাকা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কারণ আধার কার্ড বর্তমানে প্রায় সব সরকারি ও ব্যক্তিগত কাজের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। তাই এই ধরনের ঘটনা মানুষের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
ঘটনার পর কয়েকজন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বলে খবর পাওয়া গেছে।পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। কীভাবে এতগুলি আধার কার্ড ওই পার্টি অফিসে এল, সেগুলি কার কার এবং এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


