Aaj lndia Desk,কলকাতা: নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্পিকারের হাতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর নিজেই জানালেন, সমস্ত নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারীর কথায়, এবার তাঁর সামনে আরও বড় দায়িত্ব। শুধু একটি কেন্দ্র নয়, গোটা রাজ্যের ২৯৪টি বিধানসভা আসন জুড়ে কাজ করাই এখন প্রধান লক্ষ্য। তবে নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই থাকবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এলাকার মানুষের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন, উন্নয়নের কাজ কোনওভাবেই থেমে থাকবে না বলেও জানান তিনি ।
তিনি জানান, ইতিমধ্যেই আজ সকাল থেকেই জলের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় পানীয় জল ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।
পাশাপাশি তাঁর অভিযোগ, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর একাধিক উন্নয়নমূলক কাজ ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হয়েছিল। সেই সমস্ত প্রকল্প ফের চালু করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে এখন দেখার, বিধায়কের গণ্ডি ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ঠিক কতটা দায়িত্ব সামলাতে পারেন।


