Aaj India Desk,কলকাতা: ইস্তফা এখনও আনুষ্ঠানিক ভাবে দেননি। নির্বাচনী হারও সরাসরি স্বীকার করেননি। কিন্তু রাজনৈতিক পালাবদলের আবহে আচমকাই বদলে গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পরিচয়। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের পরই ফেসবুক ও X -এ নিজের বায়ো আপডেট করেন মমতা (Mamata Banerjee Social Media Bio)। আর সেই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। অনেকের মতে, এই বায়ো বদলের মধ্যেই লুকিয়ে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা।
মহানগরে যখন শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সাজো-সাজো রব ঠিক তখনই বেলা ১১টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ফেসবুক ও X-এর বায়োতে লেখা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ,পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী বদলে যায়। এবং এখন নতুন বায়ো ‘।সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫, ১৬ ও ১৭তম বিধানসভার)।
তবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে অন্য একটি বিষয়। নতুন বায়োতে কোথাও ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ শব্দটি ব্যবহার করেননি তৃণমূল নেত্রী। অনেকের মতে, এই পরিবর্তন অত্যন্ত সচেতনভাবেই করা হয়েছে। কারণ ভোটের ফল প্রকাশের পর থেকেই মমতা বারবার দাবি করে আসছেন, তৃণমূল হারেনি, বরং পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে।
তবে নেটিজেনদের একাংশের দাবি, বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করা উচিত X-এর কর্ণধার Elon Musk-এর। কেউ তাঁর বায়ো সংশোধনের দাবি তুলেছেন, আবার কেউ আরও একধাপ এগিয়ে মমতার অ্যাকাউন্ট সাসপেন্ড করার দাবিও রেখেছেন ।
সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সর্বত্রই এখন মমতার বায়ো ঘিরে তুমুল চর্চা। একের পর এক পোস্ট, কটাক্ষ, পাল্টা প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে নেটদুনিয়া। তবে এই বিতর্ক শেষ পর্যন্ত কোন মোড় নেয়, কিংবা এর রাজনৈতিক প্রভাব কতটা পড়ে এখন সেটায় দেখার।


