Aaj India Desk, হুগলি: পুলিশের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন শ্রীরামপুর (Serampore) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া। আহত ওই ASI-কে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘক্ষণ তালাবন্ধ ছিল। সেই তালা খুলতে সেখানে যায় শ্রীরামপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, তখনই তালা খুলতে বাধা দেন কাউন্সিলর রাজেশ শা। এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই নটরাজ নামে এক ASI-কে ঘুষি মারেন রাজেশ শা। এতে ওই পুলিশকর্মীর নাক ফেটে রক্ত বের হতে থাকে। এরপর রাজেশ শা এবং তাঁর আরও দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় শ্রীরামপুরের বিজেপি (BJP) বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ যেন কোনও রাজনৈতিক রং না দেখে আইন মেনে কাজ করে। এলাকায় শান্তি বজায় থাকুক, সেটাই মানুষ চাইছে বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে, আদালতে নিয়ে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন রাজেশ শা। তাঁর দাবি, পাড়ার সমস্যার সমাধানের জন্য ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়েছিল। বিজেপি ও সিপিএম সেটি দখল করার চেষ্টা করছিল বলেই ঝামেলা হয়। তবে তিনি কারও গায়ে হাত তোলেননি বলেও দাবি করেন। রাজেশের অভিযোগ, তাঁর এবং তাঁর স্ত্রীর ওয়ার্ডে লিড হওয়ায় রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছে।


