কলকাতা: বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা সামনে এলেও মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে দুই দফার ভোটগ্রহণ। তবে নির্বাচনী অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে আছে পরিস্থিতি। পুর্ননির্বাচনের দাবীতে শনিবারই উত্তপ্ত হয়ে ওঠে ফলতা। পাশাপাশি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রংরুম-এর নিরাপত্তাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন (Election Commission)।
X Link: https://x.com/ECISVEEP/status/2050522835807031643
পশ্চিমবঙ্গের ভোটের ইতিহাস বলছে, ভোটের দিন নয়, অশান্তি, খুন-জখম সবচেয়ে বেশি হয়েছে ভোটের আগে-পরে। এবার শনিবার বিজ্ঞপ্তি জারি করে আরও নিরাপত্তা বাড়াল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন (Election Commission) গণনা পর্যবেক্ষকদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিতের লক্ষ্যে ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ভোট গণনা কেন্দ্রগুলোর আশেপাশে নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করছে।
কমিশনের বিজ্ঞপ্তির ১১ পয়েন্ট:
- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর গণনা প্রক্রিয়া সুরক্ষিত রাখতে ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার ও ৭৭ জন পুলিশ অবজার্ভার মোতায়েন করা হয়েছে।
- এই অবজার্ভারদের মূল লক্ষ্য হল নিরাপদ, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও ভয়মুক্ত পরিবেশে গণনা সম্পন্ন করা।
- সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ ও Representation of the People Act, 1951-এর ধারা ২০বি অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে। তাঁরা কমিশনের অধীনে কাজ করবেন।
- একাধিক কাউন্টিং হল থাকা ১৬৫টি বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে।
- পুলিশ অবজার্ভাররা গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা তদারকি করবেন, তবে কোনও অবস্থাতেই কাউন্টিং হলে প্রবেশ করতে পারবেন না।
- তাঁরা কাউন্টিং অবজার্ভার ও অন্যান্য নির্বাচন কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন।
- রিটার্নিং অফিসার (RO) ECINet-এর মাধ্যমে গণনাকর্মী, প্রার্থী ও এজেন্টদের জন্য পরিচয়পত্র ইস্যু করবেন।
- QR কোড-ভিত্তিক ফটো আইডি ছাড়া কাউন্টিং সেন্টারে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।
- কাউন্টিং হলে মোবাইল ফোন বহন করতে পারবেন শুধুমাত্র কাউন্টিং অবজার্ভার ও রিটার্নিং অফিসার।
- Form 17C-II কাউন্টিং সুপারভাইজাররা এজেন্টদের উপস্থিতিতে পূরণ করবেন এবং তাঁদের সই নেওয়া হবে।
- প্রতিটি টেবিলে থাকা মাইক্রো-অবজার্ভাররাও আলাদাভাবে ফল নোট করে প্রতিটি রাউন্ড শেষে ক্রস-ভেরিফিকেশনের জন্য জমা দেবেন।


