কলকাতা: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে পরপর নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। এই আবহে ইতিমধ্যেই দলের প্রার্থী ও কর্মীদের রাত জেগে স্ট্রং রুম পাহারার নিদান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে ধর্নায় বসে পড়লেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ও শশী পাঁজা (Shashi Panja)।
তাঁদের অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশনের অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলের প্রতিনিধিদের উপস্থিতি ছাড়াই স্ট্রং রুমে ব্যালট বক্স খোলা হচ্ছে। বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “আমাদের উপস্থিতই ছাড়া ব্যালট বাক্স খুলছে নির্বাচন কমিশন! আমরা তড়িঘড়ি পৌঁছলে এখন আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না!” শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা (Shashi Panja) বলেন, “লাইভ স্ট্রিমিংয়ে স্ট্রং রুমের ভেতরে কার্যকলাপ দেখা যাচ্ছে এবং ব্যালট হাতে হাতে ঘোরাফেরা করছে। অথচ সিইও দাবি করছেন ভেতরে কোনও কাজ হচ্ছে না।
X Link: https://x.com/PTI_News/status/2049854640909586642
তাঁদের প্রশ্ন, “যদি এটি পোস্টাল ব্যালট সংক্রান্ত কাজই হয়ে থাকে, তবে সেগুলি ঠিক কোথা থেকে এসেছে?” এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মেজাজ খারাপ। সন্ধ্যের পর কলকাতাতে শুরু হয়েছে তুমুল ঝড়বৃষ্টি। সূত্রের খবর, বৃষ্টি মাথায় নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
জানা গিয়েছে, কুণাল-শশী পাঁজার ধর্নার খবর পেয়ে ডিইও স্মিতা পাণ্ডে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে পৌঁছন। তাঁর উপস্থিতিতেই স্ট্রংরুমে প্রবেশ করেন শশী পাঁজা ও কুণাল ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাঁরা প্রবেশের কারণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান। ফলে স্ট্রংরুমের বাইরে দুই পক্ষের মধ্যে বচসা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একইসঙ্গে, পরিস্থিতি জানার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রংরুমে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।


