নয়াদিল্লি: খামেইনি-বিরোধী আন্দোলনে উত্তপ্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার অভিযানে নামছে ভারত। সূত্রের খবর, ইরানের (Iran) পরিস্থিতি বিবেচনা করে দেশে ফিরতে চাওয়া ভারতীয়দের আগামীকালই ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক (MEA)। এমনকি ইরানের বিভিন্ন শহরে আটকে পড়া পড়ুয়াদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে তেহেরান-স্থিত ভারতীয় দূতাবাস।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ইন্টারনেট সংযোগ না থাকা এবং টেলিযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অবিশ্বস্ত হওয়ায় ইরানে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের শনাক্ত করতে দূতাবাসের আধিকারিকরা সরাসরি মাঠে নেমে কাজ করছেন।
দূতাবাসের নির্দেশিকা জারি
সরকারি হিসাব অনুযায়ী, শিক্ষার্থীসহ ১০ হাজারেরও বেশি ভারতীয় বর্তমানে ইরানে (Iran) বসবাস করছেন। বুধবার ভারত ইরানে থাকা ভারতীয়দের ইরান ত্যাগ করার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ইরান-প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে তেহেরান-স্থিত ভারতীয় দূতাবাস।
সেই নির্দেশিকায় বলা হয়েছে, “ইরানে বসবাসরত সকল ভারতীয় নাগরিককে তাদের পাসপোর্ট ও পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ করা হচ্ছে। এই বিষয়ে যেকোনো সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।”
দেশজুড়ে প্রায় সাড়ে ৩ হাজার মৃত্যু
প্রসঙ্গত, গত মাসে শুরু হওয়া খামেইনি বিরোধী প্রতিবাদে উত্তপ্ত ইরান। ইতিমধ্যেই প্রায় ৩১ টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। মানবাধিকার দলগুলি জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার ৪২৮ জনের মৃত্যু হয়েছে।


