Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী বুধবার। তার মাত্র চারদিন আগে দক্ষিণ ২৪ পরগনার তৃনমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবার (Diamond Harbour) এলাকায় কড়া পদক্ষেপ নিল কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই অঞ্চলে নির্বাচনী নিরপেক্ষতা বজায় না রাখার অভিযোগে পাঁচজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন আধিকারিক সাসপেন্ড?
ECI-এর নির্দেশে সাসপেন্ড হয়েছেন:
- সন্দীপ গড়াই (অতিরিক্ত এসপি, ডায়মন্ড হারবার)
- সজল মণ্ডল (এসডিপিও, ডায়মন্ড হারবার)
- মৌসম চক্রবর্তী (ওসি, ডায়মন্ড হারবার থানা)
- অজয় বাগ (ওসি, ফলতা থানা)
- সুভেচ্ছা বাগ (ওসি, উস্তি থানা)
ডায়মন্ড হারবারের (Diamond Harbour) এসপি ইশানী পালকেও সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তাঁর অধীনস্থদের মধ্যে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় থাকে।
কেন ডায়মন্ড হারবারে নজর?
বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে ২৩ এপ্রিল মোটামুটি শান্তিপূর্ণভাবে প্রথম দফার ভোট সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় দফা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই দফায় ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাটসহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক আসন রয়েছে।
ডায়মন্ড হারবার (Diamond Harbour) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। নির্বাচনী বিশ্লেষকদের মতে, এখানকার প্রশাসনিক ব্যবস্থায় কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকলে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়তে পারে। এর আগেও ডায়মন্ড হারবারে ECI-নিযুক্ত পুলিশ অবজার্ভারের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে অননুমোদিত বৈঠকের অভিযোগ উঠেছিল। অন্যদিকে, বিজেপি শিবির থেকে বারবার ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে এলাকার ভোট প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব বা অনিয়ম যাতে না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। অন্যদিকে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে প্রভাবিত বলে রাজনৈতিক মহলের ধারণা।
এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোট ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। নির্ধারিত ১৪২টি আসনে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।


