স্নেহা পাল, কলকাতা: মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর (Gangasagar) মেলা শেষে বৃহস্পতিবার চূড়ান্ত ভিড়ের মুখে পড়েন দক্ষিণ শাখার নিত্যযাত্রীরা। বিশেষ করে নামখানা–শিয়ালদহগামী লোকাল ট্রেনে ( local train ) গঙ্গাসাগর থেকে ফেরত পূণ্যার্থীদের ওঠানোয় সকালবেলার অফিস টাইমে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের চাপে প্রচন্ড অসুবিধায় পড়েন নিত্য অফিসযাত্রী ও ছাত্রছাত্রীরা।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে লেডিজ কম্পার্টমেন্ট ঘিরে। গঙ্গাসাগর ( Gangasagar ) ফেরত বহু পুরুষ যাত্রীকে লেডিজ কামরায় ( ladies compartment) তোলা হয়েছে। প্রতিবাদ জানালে সেই পুরুষ যাত্রীরা জানান, GRP লাঠি দেখিয়ে তাদেরকে মহিলা কামরায় উঠতে বাধ্য করেছে। তাদের অভিযোগ, GRP থেকে বলা হয়েছে “আজ সব কামরাতেই যাওয়া যাবে”।
নামখানা ও সংলগ্ন স্টেশনগুলোতে সকাল থেকেই গঙ্গাসাগর ( Gangasagar ) ফেরত যাত্রীদের ঢল নামে। South Line-এর একাধিক লোকাল ট্রেনে ( local train) অতিরিক্ত ভিড় সামাল দিতে কোনও বিশেষ ট্রেন বা পৃথক ব্যবস্থাপনা না থাকায় এই সমস্যা আরও তীব্র হয়। সাধারণত কর্মদিবসে এই লাইনে সকালবেলা এমনিতেই যাত্রীচাপ বেশি থাকে। তার উপর মেলা-ফেরত ভিড় যুক্ত হওয়ায় নিত্যযাত্রীদের ট্রেনে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে।
নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, প্রতি বছর গঙ্গাসাগর ( Gangasagar ) মেলার সময় এই ধরনের পরিস্থিতির আশঙ্কা থাকলেও প্রশাসন কার্যকর পরিকল্পনা করতে ব্যর্থ হয়। ভিড় সামাল দেওয়ার জন্য আলাদা ট্রেন, পৃথক সময়সূচি ও লেডিজ কামরার নিরাপত্তা রক্ষায় স্পষ্ট নির্দেশনার অভাব ছিল বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই পূণ্যার্থীদের যাতায়াতের পাশাপাশি নিত্যযাত্রীদের অধিকার ও নিরাপত্তা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।



খুব ভালো প্রতিবেদন।