Aaj India Desk, কলকাতা: বাংলায় এখন ভোটে (Vote)-এর আমেজ। সেই আবহের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদ (Parliament)। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ মে প্রকাশ করা হবে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।
বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ মে সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
তবে কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, সেই বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। শিক্ষা সংসদ জানিয়েছে, খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হবে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ফল দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে। এইবার প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। চতুর্থ সেমিস্টারের সঙ্গে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও হয়েছে। পাশাপাশি পুরনো বার্ষিক পদ্ধতিতেও কিছু পরীক্ষা নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। সংসদের তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রায় ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৮ মে। অর্থাৎ মাধ্যমিকের ফল বেরোনোর মাত্র ৬ দিনের মাথায় প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফল। অন্যদিকে, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ মে। ফলে ভোটের ফল ঘোষণার পরপরই শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর্ব।


