কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর বাকি হাতে গোনা কয়েকটা দিন। উত্তরোত্তর বাড়ছে নির্বাচনী প্রচারের তেজ। শাসক-বিরোধী কটাক্ষ-পাল্টা কটাক্ষের ঝড়ে কাঁপছে মিছিল, জনসভা। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির নির্বাচনী প্রচার বাহিনী।
গতকাল অর্থাৎ শনিবার জঙ্গিপুরের সভামঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে ‘এআই ষড়যন্ত্রের’ অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদী। যার পাল্টা কটাক্ষের ঝড় তুলেছে তৃণমূলও। সমজামাধ্যমের পোস্টে তৃণমূল চাঁচাছোলা আক্রমণ করে লেখে, “হুমায়ুন কবিরকে পলিটিক্যাল কভার” দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার ফের নরেন্দ্র মোদীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুঘটক ‘হুমায়ুনের ভিডিও’
বলা বাহুল্য, ভোটের ময়দানে শাসক-বিরোধী চাপানউতোরে অণুঘটকের কাজ করছে ‘হুমায়ুন কবিরের (Humayun Kabir) ডিল ভিডিও’। নির্বাচনের ঠিক আগে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের এক হাজার টাকার ডিল হয়েছে দাবী করে একটি গোপন ভিডিও ফাঁস করেছে তৃণমূল। গোড়াতে যদিও ওই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই দ্বারা তরিই বলে দাবী করেছিলেন হুমায়ুন। একই সুরে “এআই ভিডিও ছড়িয়ে ষড়যন্ত্র করছে তৃণমূল’ বলে তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদী। পরে অবশ্য সাংবাদিক বৈঠকে ওই ভিডিওর সত্যতা কার্যত স্বীকার করে নেন হুমায়ুন কবির।
এবার এই প্রসঙ্গেই নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের লোদনা ফুটবল গ্রাউন্ডে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এক দলকে ভাগ করার উদ্দেশ্যে হিন্দু–মুসলমান বিভাজন তৈরি করতে প্রায় ১০০০ কোটি টাকার চুক্তি হয়েছে। সেই কারণেই আমোদী-কুমোদী বাবুকে রাস্তায় নামতে হয়েছে। তিনি আরও বলেন, কেউ বলছেন এটি কৃত্রিম, আবার যিনি করেছেন তিনিই বলছেন ভিডিওটি আসল। তাহলে “আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকবেন?” কটাক্ষ করেন মমতা।
হুমায়ুনের ‘নতুন বয়ান’
অন্যদিকে, শনিবার হুমায়ুনের বক্তব্যে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কিছু পুরনো ছবি দেখিয়ে তিনি বলেন, ‘বাংলায় বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ই নিয়ে এসেছিলেন। আর আরএসএস–কে কে ডেকে এনেছিল? আমাকে এখন বিজেপির বি–টিম বলা হচ্ছে। আমি এই বিষয়ে হাইকোর্টে মামলা করব এবং ছ’জন আইনজীবী নিয়োগ করেছি।’ তিনি আরও দাবি করেন, এটি ৫১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও, যার মধ্যে মাত্র ১৯ মিনিট ১৪ সেকেন্ড অংশ দেখানো হয়েছে, এবং তিনি পুরো ভিডিওটি প্রকাশ করবেন।


