কলকাতা: শুক্রবার ইস্তেহার প্রকাশের সময় বারংবার ‘ভয়মুক্ত বাংলার’ কথা বলেন অমিত শাহ। নারী সুরক্ষা থেকে ‘লভ জিহাদ’-এর উল্লেখও করেন তিনি। ইস্তেহারে একঝাঁক প্রতিশ্রুতির সঙ্গে বলা হয়, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে Uniform Civil Code (UCC) লাগু হবে।
কি এই Uniform Civil Code?
অভিন্ন দেওয়ানি বিধি (UCC) অনুযায়ী সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত এক অভিন্ন আইন চালু করা হয়। এই বিধিতে ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে এবং ‘লিভ-ইন’ সম্পর্ককে আইনি কাঠামোর মধ্যে এনে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
কোনও নারী-পুরুষ লিভ-ইন সম্পর্কে থাকতে চাইলে পুলিশ বা জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়। তাঁদের বয়স যদি ২১ বছরের কম হয়, তবে বাবা-মায়ের সম্মতিও বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
এছাড়া, লিভ-ইন সম্পর্কে সন্তানের জন্ম হলে সেই সন্তান বাবা-মা উভয়ের সম্পত্তিতে উত্তরাধিকার পাওয়ার অধিকারী হবে। এই বিধিতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছর নির্ধারণ করা হয়েছে। মুসলিম-সহ সব ধর্মের মানুষের জন্য বিয়ে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
তবে এই অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসী সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। জন্ম, বিয়ে, উত্তরাধিকার ও নারীর অধিকার সংক্রান্ত বিষয়ে তাঁদের নিজস্ব প্রথা ও বিধানই বহাল থাকবে। কিন্তু মুসলিম সমাজে বহুবিবাহের শুধুমাত্র প্রচলনই নয়, মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আইনত অনুমতিও আছে। তবে ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে তা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে।
কতগুলি রাজ্যে প্রযোজ্য হয়েছে?
অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২৪ সালে উত্তরাখণ্ড দেশে প্রথম ও একমাত্র রাজ্য হিসেবে এই আইন কার্যকর করেছে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এই আইনের কাঠামো নিয়েই প্রশ্ন রয়েছে। কারণ, এর আওতা থেকে তফসিলি উপজাতি এবং ‘অবিভক্ত হিন্দু পরিবার’-কে বাইরে রাখা হয়েছে। ফলে, নাম ‘অভিন্ন’ হলেও বাস্তবে এটি কতটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য, তা নিয়ে বিতর্ক অব্যাহত। তবে এদিন ইস্তেহার প্রকাশের সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে অমিত শাহ জোর গলায় বলেন, যতগুলি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সব জায়গায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু হবে।


