30 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

“ভাইপো নয়, বঙ্গের সন্তানই হবে পরের মুখ্যমন্ত্রী” : সিএম মুখে ধোঁয়াশা বাড়ালেন শাহ !

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘বহিরাগত’ বনাম ‘বাংলার মানুষ’ বিতর্কে নতুন মাত্রা যোগ করল বিজেপি (BJP)। ইশতেহার প্রকাশের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন ‘বঙ্গভূমির সন্তান’। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে বংশবাদের অভিযোগে আক্রমণ করেন তিনি।

‘বংশবাদ’ ইস্যুতে তৃণমূলকে নিশানা

অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দাবি করেন, বাংলার রাজনীতিতে পরিবারতন্ত্র চালু হয়েছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করে বলেন, “আমরা এমন কোনও বংশবাদ মানি না, যেখানে একের পর এক ভাই মুখ্যমন্ত্রী হয়।” বিজেপির তরফে বার্তা দেওয়া হয়েছে, তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী কোনও রাজনৈতিক বংশপরম্পরা থেকে আসবেন না।

শাহের বক্তব্যে স্পষ্ট, বিজেপি (BJP) এবার ‘সন অফ দ্য সয়েল’ ইস্যুকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নামতে চাইছে। তিনি বলেন, “বাংলার যে কোনও বাসিন্দাই মুখ্যমন্ত্রী হতে পারেন।” এর ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ।

যদিও এই বিষয়ে কোনও নির্দিষ্ট নাম ঘোষণা করেননি শাহ। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তিনি জানান,“যেই হোন, তিনি শক্তিশালী নেতা এবং দক্ষ সংগঠক হবেন।” এর ফলে নির্বাচনের আগে বিজেপি মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

শুভেন্দু নিয়ে জল্পনা, দলের ভেতরে মতভেদ

এর আগেও বিজেপির (BJP) একাংশ শুভেন্দু অধিকারীকে সামনে রেখে স্লোগান তুললেও, দলের ভেতরে এ নিয়ে মতভেদ রয়েছে। বিশেষ করে দিলীপ ঘোষের মন্তব্য এই জল্পনাকে আরও বাড়িয়েছে। দিলীপ ঘোষ বলেন, “কে মুখ্যমন্ত্রী হবেন, তা নির্বাচনের পরই ঠিক হবে। দলের পদ্ধতিতে আগে থেকে কিছু ঘোষণা করা হয় না।”

সব মিলিয়ে, অমিত শাহের এই মন্তব্য একদিকে যেমন ‘বহিরাগত’ বিতর্কের পাল্টা বার্তা, তেমনই অন্যদিকে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কৌশলী ধোঁয়াশা বজায় রাখার ইঙ্গিত। নির্দিষ্ট নাম ঘোষণা না করেও ‘বঙ্গের সন্তান’-এর বার্তা সামনে রেখে বিজেপি যে আবেগ ও সংগঠনের সমন্বয়ে লড়াই সাজাতে চাইছে, তা স্পষ্ট। তবে শেষ পর্যন্ত এই কৌশল ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন