কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া (Tollywood)। ‘ভোলে বাবা পাড় করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে তাজপুরে মারা যান অভিনেতা। তাঁর মৃত্যুর কারণ নিয়ে প্রায় ৩ রকম বয়ান সামনে উঠে এসেছে। যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর আসল কারণ সকলের সামনে আনতে পথে নেমেছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা ইতিমধ্যেই ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত আগেই দিয়েছিল ইন্ডাস্ট্রির (Tollywood) একাংশ।
এবার ‘নিরাপত্তা নিশ্চিতের’ দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে একাধিক পরিচালক। মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। রবিবার এই মর্মে বৈঠক করে টেকনিশিয়ানস স্টুডিওয় দুই সংগঠন।
ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, বর্তমানে ৭০০০ সদস্য রয়েছে এবং আর্টিস্ট ফোরামের সদস্য সংখ্যা ৪০০০। অর্থাৎ, প্রায় ১১,০০০ শিল্পী টলিপাড়ায় বর্তমানে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাঁদের দাবী, শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাঁরা কাজ করবেন না। রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর দায় সবাই এড়িয়ে যেতে চাইছেন। বাকিদের নিরাপত্তাই বা কোথায়? তাই না চাইতেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন বলে জানান, ফেডারেশনের সভাপতি।
টলিপাড়ায় কর্মবিরতির ডাকের নেপথ্যে রয়েছে শিল্পীদের সুরক্ষা ও মর্যাদা সংক্রান্ত একাধিক দাবি। চ্যানেল ও প্রযোজকদের কাছে নির্দিষ্ট কিছু নিয়মাবলি মানার দাবি তুলেছেন শিল্পীরা, যাতে তাঁদের এবং তাঁদের পরিবারের সম্মান অক্ষুণ্ণ থাকে। আউটডোর শ্যুটিংয়ে বাধ্যতামূলকভাবে অ্যাম্বুল্যান্স রাখার মতো প্রস্তাবও সামনে এসেছে।
মঙ্গলবার সকাল ১০টায় টেকনিশিয়ানস স্টুডিওতে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যদের বৈঠক হওয়ার কথা। তবে যারা ইতিমধ্যেই কলকাতা বা রাজ্যের বাইরে শ্যুটিংয়ে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই কর্মবিরতি প্রযোজ্য নয়। অন্যদিকে, যেসব ধারাবাহিকের শ্যুটিংয়ের পর্যাপ্ত মজুত নেই, সেগুলির ভবিষ্যৎ ও সম্প্রচার সূচি নিয়ে এখনও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


