Aaj India Desk, কলকাতা: টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর রহস্যমৃত্যুকে ঘিরে এবার আইনি লড়াইয়ে নামল গোটা টলিপাড়া। শনিবার দুপুরে অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-এর নেতৃত্বে একঝাঁক তারকা পৌঁছালেন রিজেন্ট পার্ক থানা-য়। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস এবং দর্শনা বণিক-এর মতো বিশিষ্ট মুখ। অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।
গত ২৯ মার্চ তালসারিতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং চলাকালীন মর্মান্তিকভাবে প্রাণ হারান রাহুল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, সমুদ্রে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে ঘটনার নেপথ্যে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসছে। অভিযোগ, লীনা গঙ্গোপাধ্যায়-এর প্রযোজনা সংস্থা নাকি প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বিপজ্জনক এলাকায় শুটিং চালাচ্ছিল। পাশাপাশি শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবই এই মৃত্যুর মূল কারণ বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা ও আর্টিস্ট ফোরামের সদস্যরা।
শনিবার দুপুর আড়াইটে নাগাদ থানায় পৌঁছনোর পর এক আবেগঘন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। স্বামীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়া প্রিয়াঙ্কা নিজেই এদিন অভিযোগপত্রে সই করেন। ইন্ডাস্ট্রির সিনিয়র তারকারাও স্পষ্ট জানিয়ে দেন -ঘটনার প্রকৃত সত্য সামনে না আসা পর্যন্ত এই লড়াই থামবে না।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অনুমতি ছাড়াই শুটিংয়ের অভিযোগ প্রমাণিত হলে বড় আইনি জটিলতায় পড়তে পারে প্রযোজনা সংস্থা। কেন যথাযথ সুরক্ষা ছাড়াই সমুদ্রের ধারে শুটিং করা হল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। রাহুলের আকস্মিক প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তার ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে গোটা টলিপাড়া। এখন সবার চোখ পুলিশের তদন্তের দিকে -নিয়ম ভাঙার মূল্য কি তবে একজন প্রতিভাবান অভিনেতার প্রাণ দিয়ে দিতে হল? উত্তর খুঁজছে গোটা ইন্ডাস্ট্রি।


