Aaj India Desk, কলকাতা: এপ্রিলের শুরুতেই গরমের তেজ বাড়ছে পশ্চিমবঙ্গে। ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কার্যত দহন জ্বালা অনুভূত হবে। যদিও সরকারি ভাবে তাপপ্রবাহ ঘোষণা না হলেও, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছতে পারে। বিশেষ করে দুপুরের দিকে বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা গনগনে উষ্ণ ‘লু’-এর প্রভাব বাড়বে। ফলে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাংশ এবং ঝাড়গ্রামে মরশুমের প্রথম তাপের স্পেল স্পষ্টভাবে অনুভূত হবে।
অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ – কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির ঘরে থাকলেও পশ্চিমাঞ্চলের মতো ‘লু’-এর পরিস্থিতি থাকবে না। তবে আর্দ্রতার আধিক্যের কারণে এখানে ঘর্মাক্ত, অস্বস্তিকর গরম বাড়বে। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সময়টা সবচেয়ে কষ্টদায়ক হতে পারে।
এদিকে ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় স্কোয়াল লাইন সক্রিয় হয়ে আকাশ মেঘলা হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু জেলায় ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রপাতের প্রবণতাও বাড়বে।
তবে গোটা এপ্রিল মাসে মাঝেমধ্যেই ২-৩ দিনের জন্য ‘ফিল লাইক’ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও প্রকৃত তাপপ্রবাহ বা তীব্র গরমের দীর্ঘস্থায়ী পূর্বাভাস নেই। সাম্প্রতিক বছরের তুলনায় ২০২৬ সালের এপ্রিল তুলনামূলকভাবে কিছুটা মনোরম থাকার সম্ভাবনা রয়েছে, কারণ মাঝেমধ্যেই ঝড়-বৃষ্টির স্পেল থাকবে।
ভোটের আবহাওয়াতেও বড় কোনও চরম পরিস্থিতির আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল উত্তরবঙ্গে আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকতে পারে, বিকেল বা সন্ধ্যার পর দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বেলায় ঘর্মাক্ত, অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকেল বা রাতের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, গরম-ঝড়-বৃষ্টির পালাবদলের মধ্যেই এবারের ভোট পর্ব মোটের ওপর সহনীয় আবহাওয়ায় সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বেশি।


