Aaj India Desk, লখনউ: ২২ মে, ২০২৫-এ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাসকে চিপসের প্যাকেট চুরির অপবাদ দেন এক সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। সেই অপমান সহ্য করতে না পেরে কৃষ্ণেন্দু মাকে চিঠি লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি – ২২ মে মৃত্যু হয় তার। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য।
এর মধ্যেই সামনে এল আরও এক হৃদয়বিদারক ঘটনা, উত্তরপ্রদেশের (UttarPradesh) বুলন্দশহর থেকে। সেখানে মাত্র একটি লজেন্স (logence) নেওয়ার অপরাধে নিজের ১২ বছরের মেয়েকে পিটিয়ে খুন করল বাবা।
মৃতার নাম পূজা রানী, সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার নবরাত্রির অনুষ্ঠান শেষে একটি দোকান থেকে একটি লজেন্স নিয়েছিল সে, কিন্তু তার দাম দেয়নি। এই কথা জানতে পেরে বাবা পুষ্পেন্দ্র কুমার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। হাতে লাঠি নিয়ে মেয়েকে বেধড়ক মারতে শুরু করেন। মেয়েকে বাঁচাতে গেলে মা আরতি দেবীকেও মারধর করা হয়। লাঠির আঘাতেই মৃত্যু হয় ছোট্ট পূজার।
ঘটনার পর নিজের অপরাধ ঢাকতে পুষ্পেন্দ্র কুমার স্ত্রী ও বাকি সন্তানদের ঘরের ভেতর আটকে রেখে বাইরে থেকে তালা মেরে দেন, যাতে কাউকে খবর দিতে না পারে। পরে সন্ধ্যার দিকে অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে গেলে আরতি দেবী কোনওভাবে প্রতিবেশীদের ডাকতে সক্ষম হন। পরদিন সকালে পুলিশকে খবর দেওয়া হয়।
আরতির বয়ানের ভিত্তিতে পুষ্পেন্দ্র কুমারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত পলাতক, তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।


