31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

বাংলায় প্রার্থী ঘোষণা প্রায় শেষ, তবুও ৮ আসনে আটকে কংগ্রেস! কারণ কী?

Aaj India Desk,নয়াদিল্লি: ভোটের আর মাত্র একমাস বাকি, কিন্তু এতদিন ধরে প্রার্থী তালিকা প্রকাশ না করায় কংগ্রেসকে (Congress) ঘিরে বাড়ছিল জল্পনা। অবশেষে সেই অপেক্ষার ইতি টানল দল। শুক্রবার নয়াদিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর জানানো হয়েছে, মোট ২৯৪টির মধ্যে ২৮৬টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি ৮টি আসন নিয়ে এখনও আলোচনা চলছে। পাশাপাশি, ইঙ্গিত মিলেছে, বর্ষীয়ান নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)-সহ রাজ্যের একাধিক অভিজ্ঞ মুখ এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন।

প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূলের (TMC) সঙ্গে জোট বেঁধে ৩৪ বছরের বাম শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কংগ্রেস। পরে ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়েছিল তারা। তবে এবার কংগ্রেস আগেই জানিয়ে দেয়, তারা ২৯৪টি আসনেই একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশে দেরি হওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, বিশেষত যখন অন্য দলগুলির প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন।

এই পরিস্থিতিতে শনিবার বাংলার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে নয়াদিল্লিতে বৈঠকে বসে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৈঠক শেষে তাঁদের পাশে নিয়ে বাংলার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর সাংবাদিকদের জানান, “বাংলার ২৯৪টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য প্রায় ২৫০০টি আবেদন জমা পড়েছে। CEC-র বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিমধ্যেই ৮টি আসন বাদে বাকি সব আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। বাকি আসনগুলির ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও জানান, শনিবার রাতেই বা রবিবার সকালে এআইসিসি আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। কংগ্রেস এবার পূর্ণ শক্তি নিয়েই বাংলার ময়দানে নামবে বলেও বার্তা দেন তিনি।

এদিকে, অধীর চৌধুরীর বিধানসভা নির্বাচনে লড়াই করা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। বহরমপুরে তাঁর নামে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করেছেন দলীয় কর্মীরা। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি গুলাম আহমেদ মীর। তবে তাঁর মন্তব্য, রাজ্যের প্রায় সব বর্ষীয়ান কংগ্রেস নেতাই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন – এই ইঙ্গিতেই অধীরকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন