28 C
Kolkata
Saturday, March 28, 2026
spot_img

ছেলে তৃণমূল নেতা, তবু ক্ষোভে ফেটে পড়লেন মা — BJP প্রার্থীকে দেখে চোখে জল

Aaj India, বীরভূম: সিউড়ির রাজনীতিতে অদ্ভুত এক ছবি! ছেলে স্থানীয় তৃণমূল (TMC) নেতা, অথচ তাঁরই মা প্রকাশ্যে বিজেপি(BJP) প্রার্থীকে আশীর্বাদ করে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়লেন না সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath chattopadhyay)। তবে পাল্টা তৃণমূলের দাবি, গোটা ঘটনাই সাজানো — স্থানীয় ওই নেতার মাকে বিজেপির তরফে প্রভাবিত করেই এ ধরনের মন্তব্য করানো হয়েছে।

শুক্রবার প্রচারে বেরিয়ে ১৮ নম্বর ওয়ার্ডে পৌঁছতেই বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সামনে এসে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতা রবি সাহার মা শান্ত সাহা। আবেগে ভেঙে পড়ে তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তিনি। শুধু তাই নয়, শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাজ নেই, ঘরে খাবার নেই—আর নেতারা শুধু রাজনীতি করে বেড়াচ্ছে। এদের সরানো উচিত।” বলতে বলতেই চোখে জল এসে যায় তাঁর। একই সঙ্গে বিজেপি প্রার্থীর জয়ের কামনাও করেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চাপানউতোর। রবি সাহার দাবি(Robi Saha), তাঁর মাকে বিজেপির লোকজন শিখিয়ে এসব বলিয়েছে। একই সুর শোনা যায় স্থানীয় তৃণমূল নেতা পবিত্র দাসের গলাতেও। তাঁদের বক্তব্য, এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে, বৃদ্ধাকে দিয়ে পরিকল্পিতভাবে এই মন্তব্য করানো হয়েছে।

অন্যদিকে, এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “রাজ্যে মানুষ নিজের ক্ষোভ আর লুকিয়ে রাখতে পারছে না। সিউড়িতে তো তৃণমূল নেতা নিজের মায়ের ক্ষোভই সামলাতে পারছেন না! আমি তো তাঁকে চিনিই না—তিনি নিজে থেকেই এসে যা বলার বলেছেন। আসলে তৃণমূলের ঘরেই এখন পদ্মফুল ফুটছে।”

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন