Aaj India Desk, নয়া দিল্লি : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দেশীয় তেল বিপণন সংস্থাগুলির ক্ষতির মধ্যে পেট্রোল ও ডিজেলের উপর বড় পরিমাণে আবগারি শুল্ক (Excise Duty) কমাল কেন্দ্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলে আবগারি শুল্ক ১৩ টাকা থেকে কমে ৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলে ১০ টাকা থেকে শূন্যে নামানো হয়েছে।
শুক্রবার সকালে ঘোষিত এই সিদ্ধান্তের বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রকের রাজস্ব দফতর বৃহস্পতিবার রাতেই জারি করে। উচ্চ আন্তর্জাতিক তেলের দামের প্রেক্ষিতে জরুরিভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
কেনো শুল্ক কমানোর সিদ্ধান্ত ?
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই আবগারি শুল্ক (Excise Duty) কমানোর ফলে তেল বিপণন সংস্থাগুলির উপর আর্থিক চাপ কিছুটা কমতে পারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে যাওয়া এবং টাকার অবমূল্যায়নের কারণে আমদানি ব্যয় বেড়েছে। এর ফলে খুচরো দামে পরিবর্তন না করেই জ্বালানি বিক্রি করতে গিয়ে সংস্থাগুলিকে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
বর্তমানে তেল বিপণন সংস্থাগুলির প্রতি লিটারে গড় ক্ষতি প্রায় ৪৮.৮ টাকা। দেশে প্রতিদিন প্রায় ৩২৫.৭ মিলিয়ন লিটার ডিজেল এবং ১৬৪.৮ মিলিয়ন লিটার পেট্রোল খরচ হয়, ফলে এই ক্ষতির পরিমাণ দ্রুত বাড়ছে।
গ্রাহক কি স্বস্তি পাবেন?
তবে এই শুল্ক (Excise Duty) কমানোর সুবিধা সাধারণ গ্রাহকের কাছে কতটা পৌঁছবে, তা নির্ভর করছে তেল সংস্থাগুলি খুচরো দামে পরিবর্তন আনে কি না তার উপর। যদি পুরো সুবিধা গ্রাহকদের দেওয়া হয়, তাহলে জ্বালানির দামে কিছুটা স্বস্তি মিলতে পারে। অন্যদিকে, সরকারের রাজস্ব আয় কমার সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম ভিন্ন রাজ্যের কর কাঠামোর কারণে আলাদা রয়েছে। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখনও খুচরো দাম স্থির রেখেছে, যদিও তারা ক্রমবর্ধমান ক্ষতির মুখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চস্তরে থাকে এবং টাকা দুর্বল থাকে, তাহলে ভবিষ্যতে খুচরো জ্বালানির দাম বাড়ানোর চাপ তৈরি হতে পারে।
মহানগরভিত্তিক জ্বালানির দাম
দেশের বিভিন্ন মহানগরে পেট্রোল ও ডিজেলের বর্তমান দাম (প্রতি লিটার) :
নয়াদিল্লি: পেট্রোল ₹94.77 | ডিজেল ₹87.67
মুম্বই: পেট্রোল ₹103.54 | ডিজেল ₹90.03
কলকাতা: পেট্রোল ₹105.45 | ডিজেল ₹92.02
চেন্নাই: পেট্রোল ₹100.84 | ডিজেল ₹92.39
বেঙ্গালুরু: পেট্রোল ₹102.92 | ডিজেল ₹90.99
হায়দরাবাদ: পেট্রোল ₹107.46 | ডিজেল ₹95.70
আহমেদাবাদ: পেট্রোল ₹94.29 | ডিজেল ₹89.95


