Aaj India, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের মুখে কি আবার রক্তাক্ত হতে চলেছে বাংলা? আর সেই আশঙ্কায় উসকে দিল বাসন্তীর ঘটনা। আবারও ভোটের প্রচার ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জেলার বাসন্তী। প্রচারের মাঝেই আচমকা সংঘর্ষ, আর সেই হিংসার বলি এবার খোদ পুলিশ! রাস্তায় ফেলে এক সাব-ইন্সপেক্টরকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ-চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আক্রান্ত পুলিশ অফিসার সৌরভ গুহ, বাসন্তী থানার এসআই। সাধারণ পোশাকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে উল্টে নিজেই টার্গেট হয়ে যান। অভিযোগ, লুঙ্গি-হাওয়াই চটি পরা একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি বাঁশ দিয়ে মারতে থাকে। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। প্রাণ বাঁচাতে কোনওক্রমে সেখান থেকে পালান।
ঘটনাটি ঘটে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার ঘিরে। অভিযোগ, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরাই হামলা চালায়। বাইক ভাঙচুর থেকে শুরু করে ব্যাপক তাণ্ডব-মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। তাই প্রশ্ন উঠছে ভোটের মুখে কি নিরাপত্তা ভেঙে পড়ছে বাংলার? যদি পুলিশেরই এই অবস্থা হয়-তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত?
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী নামানো হয়েছে। ক্যানিং, বাসন্তী, গোসাবা-সহ একাধিক থানার পুলিশ, অ্যাডিশনাল এসপি এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আহত পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই।
বরাবরই স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত বাসন্তী। প্রতি নির্বাচনের সময়ই হিংসার অভিযোগ নতুন কিছু নয়, তবে এবার সরাসরি রাস্তায় ফেলে পুলিশকে মারধরের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, নিয়ম মেনেই চলতে হবে সবাইকে। তাঁর কথায়, পুলিশ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীন, তাই তাদের নিরাপত্তা নিয়ে কোনও গাফিলতি হলে তার দায় এড়াতে পারে না কমিশন। অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, খুব শিগগিরই তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিস্ফোরিত হবে – সময়ই তার প্রমাণ দেবে।
TAG: Basanti Violence West Bengal Election Assembly 2026 VoteViolence BengalPolitics


