কলকাতা: কলকাতার মানুষের লেপ-কম্বল বাক্সে ঢুকেছিল জানুয়ারির শেষেই। বেশ কিছু বাড়ি, অফিসে চলতে শুরু করেছিল এসি। কিন্তু প্রকৃতির কি অসীম খেলা! দু-দিনের ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতেই ফের রাজ্যে যেন নভেম্বরের ছোঁয়া (Weather Update)! উত্তরবঙ্গের জেলাগুলোতে ফের বেরিয়ে পড়েছে সোয়েটার, কম্বল! আলিপুরদুয়ার, কোচবিহার তো আছেই, এমনকি মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুরে বসন্তের শেষ লগ্নে শীতের শুরুর আমেজ! তীব্র দাবদাহ শুরুর আগে শীতপ্রেমীদের যেন পোয়াবারো।
যাবতীয় রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ১১ ডিগ্রি নেমে গিয়েছে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১১ ডিগ্রি কম, বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে ৪.৪ ডিগ্রি। ২০ ডিগ্রির নীচে নেমে সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৯.২ ডিগ্রি। কলকাতাবাসী ভাবছে, ফের সোয়েটার, কম্বল নামাতে হবে নাকি? রবিবার অবশ্য কিছুটা বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি (Weather Update)। সর্বনিম্ন হতে পারে ২০ ডিগ্রি, বলছে IMD।
জেলায় জারি থাকতে পারে বৃষ্টি, বজ্রপাতের রেশ
শুক্র-শনির মত উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা (Weather Update) রয়েছে, বলছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এদিনও বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, ঝাড়গ্রামে দমকা হাওার সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।
বৃষ্টি হতে পারে মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতেও। সব মিলিয়ে বসন্তের শেষের ঠান্ডা আমেজ বেশ উপভোগ করছে রাজ্যবাসী। তবে বজ্রপাতের সময় বাড়ির বাইরে, বৈদ্যুতিন তার, গাছপালার নীচে না থাকার সতর্কতা দেওয়া হচ্ছে।


