বহরমপুর: ৩৫ বছর পর বিধানসভা ভোটে নামতে চলেছেন কংগ্রেসের দাপুটে নেতা! প্রার্থী তালিকা ঘোষণার আগে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে (Adhir Chowdhury) এমনটাই জল্পনা। ইতিমধ্যেই বহরমপুরের দেওয়ালে দেওয়ালে হাত চিহ্নের পাশে তাঁর নাম। ২০২৪ লোকসভা ভোটে হারের পর স্থানীয় সংগঠনকে মজবুত করতে নজর দিয়েছিলেন অধীর চৌধুরী। ভোটের আগে প্রচারের ময়দানেও বেশ দেখা যাচ্ছে তাঁকে। ঈদের পরই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস।
তার আগে ডোমকলের সদ্য মনোনীত তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির (Humayun Kabir) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। অধীরের (Adhir Chowdhury) অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় আমাকে খুন করতে চেয়েছিলেন”। তিনি আরও বলেন, মুর্শিদাবাদে মমতার সুপারিতে হুমায়ুন কবীর জেলে খুনিদের প্রলোভন দিতেন, অধীরকে খুন করতে হবে। সেজন্য মেদিনীপুরে তাঁকে পুরস্কার দেওয়া হয়েছিল, দাবী করেন অধীর চৌধুরী।
ডেবরা থেকে ডোমকল
প্রসঙ্গত, মঙ্গলবার ২৯১ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ৫ বছর বিধায়ক থাকা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরকে (Humayun Kabir) এইবার ডোমকলে প্রার্থী করেছে তৃণমূল। আবার মুর্শিদাবাদেও প্রায় ৫ বছর থেকেছেন তিনি। দু’বছর কান্দির এসডিপিও এবং ৩ বছর জেলার পুলিশ সুপার ছিলেন হুমায়ুন কবির। সেইসময় থেকেই শাসকদলের সঙ্গে ব্যাপক ঘনিষ্ঠতা হয় হুমায়ুনের, বলেন অধীর (Adhir Chowdhury) । শুধু তাই নয়, অধীরের বক্তব্য, মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে প্রতিষ্ঠাই করেছে হুমায়ুন কবির।
বহরমপুরে স্বমহিমায় অধীর
১৯৯৬ এর পর ২০২৬-এ বিধানসভা ভোটে নামছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহরমপুরে বিরোধীদের চ্যালেঞ্জ থাকলেও অধীরের (Adhir Ranjan Chowdhury) ব্যক্তিগত প্রভাব এবং সংগঠন দক্ষতার উপর ভরসা করছে দল। ফলে প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই তাঁর নাম প্রায় নিশ্চিত বলেই মনে করছেন অনেকেই।


