Aaj India Desk , মুম্বই: নিঃশব্দে যেন জীবনের আর এক বড় শূন্যতার সামনে দাঁড়ালেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। গভীর রাতের এক ব্লগ পোস্টে ধরা পড়ল তাঁর মনের অব্যক্ত বেদনা। শব্দগুলো খুব বেশি নয়, কিন্তু প্রতিটি লাইনের আড়ালে যেন জমে আছে দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর হারানোর কষ্ট।
হঠাৎ করেই তিনি লিখলেন জীবনের চলার পথে আরও এক প্রিয় মানুষকে হারালেন তিনি। সেই মানুষটি তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বহু স্মৃতি, বহু মুহূর্ত ভাগ করে নেওয়া সেই বন্ধুর মৃত্যুসংবাদ যেন অভিনেতা কে ভিতর থেকে নাড়া দিয়েছে।
তবে ঠিক কে সেই বন্ধু নামটি কোথাও উল্লেখ করেননি অমিতাভ। আর সেখানেই তৈরি হয়েছে রহস্য। সোশ্যাল মিডিয়ায় (Social media) অনেকেই জানতে চাইছেন, কাকে হারিয়ে এমন আবেগঘন বার্তা লিখলেন অভিনেতা? নিজের ব্লগে তিনি লিখেছেন, সেই মানুষটি ছিলেন অসাধারণ প্রাণবন্ত। কঠিন পরিস্থিতিতেও যিনি হাসিমুখে সমাধানের পথ খুঁজে নিতে পারতেন। চারপাশের মানুষকে সাহস দেওয়া, মন ভাল রাখা যেন সেটাই ছিল তাঁর স্বভাব।
বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে অমিতাভ লিখেছেন, ‘আর এক প্রিয় বন্ধুকে হারালাম সে সব সময় কঠিন পরিস্থিতির পথ খুঁজে নিত। মুখে থাকত হাসি। বিশ্বাস করতে পারছি না, সে আর নেই। একে একে সবাই চলে যাচ্ছে’। এই কয়েকটি বাক্যই যেন অনেক কথা বলে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের বহু সঙ্গীকে হারানোর যন্ত্রণা যে কতটা গভীর হতে পারে, সেই অনুভূতিই যেন ফুটে উঠেছে তাঁর লেখায়।
উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘদিন ধরেই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নিজের ব্যক্তিগত ব্লগে নিয়মিতভাবে জীবনের নানা অভিজ্ঞতা, অনুভূতি এবং স্মৃতি ভাগ করে নেন। কখনও শুটিংয়ের গল্প, কখনও পারিবারিক মুহূর্ত, আবার কখনও ব্যক্তিগত দুঃখ সবই সেখানে খোলামেলা ভাবে তুলে ধরেন তিনি। কিন্তু এবারের পোস্টটি আলাদা। কারণ এখানে শুধু শোক নয়, রয়েছে এক অদ্ভুত শূন্যতার অনুভূতি। যেন সময়ের সঙ্গে সঙ্গে একে একে হারিয়ে যাচ্ছে জীবনের পুরোনো অধ্যায়গুলো।
অমিতাভের এই ব্লগ প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে আবেগের স্রোত বইতে শুরু করেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন। কেউ লিখেছেন ‘আপনার কষ্ট আমরা অনুভব করতে পারছি’, আবার কেউ বলেছেন ‘শক্ত থাকুন, আমরা আপনার পাশে আছি।’
তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, ঠিক কোন বন্ধুর প্রয়াণে এতটা ভেঙে পড়েছেন তিনি। আর সেই অজানা নামটিই এখন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। একজন মহানায়ক, যিনি পর্দায় অসংখ্য চরিত্রে শক্তির প্রতীক হয়ে উঠেছেন তাঁর ব্যক্তিগত জীবনের এই নরম, আবেগপ্রবণ দিক আবারও সামনে এনে দিল এই ছোট্ট ব্লগ পোস্টটি।


